নাসিরপুরে নিহতদের শনাক্তে স্বজনেরা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরপুরের এই বাড়িতে সোয়াটের অভিযান শেষ হয় গত বৃহস্পতিবার। নিহত হয় সাতজন। এরপর থেকে বাড়িটি তালাবদ্ধ l প্রথম আলো
নাসিরপুরের এই বাড়িতে সোয়াটের অভিযান শেষ হয় গত বৃহস্পতিবার। নিহত হয় সাতজন। এরপর থেকে বাড়িটি তালাবদ্ধ l প্রথম আলো

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত সাতজনের মধ্যে পরিচয় না জানা ছয়জনকে শনাক্ত করতে স্বজনেরা আজ সোমবার হাসপাতালে গেছেন। পরিচয় পাওয়া একমাত্র পুরুষ সদস্য হলেন লোকমান হোসেন (৪৫)। তাঁর বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে। নিহত বাকি ছয়জন তাঁর স্ত্রী ও সন্তান বলে ধারণা করা হচ্ছে।

লোকমানের শ্বশুর আবু বকর সিদ্দিক ও ভায়রা সানোয়ার হোসেন এবং স্থানীয় সিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোফজ্জল হোসেন লাশ শনাক্ত করার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে গেছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিলউদ্দিন আহমদ।

লোকমানের শ্বশুর আবু বকর সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, গত বুধবার গভীর রাতে তাঁর মেয়ে শিরিনা তাঁকে ফোন করেছিলেন। ওই দিন ভোরে মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানাটি ঘেরাও করে পুলিশ। ‘অপারেশন হিটব্যাক’ নাম দিয়ে সেখানে অভিযান চালায় সোয়াট ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। ৩৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর সেখান থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়।

লোকমানের শ্বশুর আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, লোকমান তাঁর স্ত্রী শিরিনা আকতার (৩৫) ও পাঁচ মেয়েকে নিয়ে একসঙ্গে থাকতেন। পাঁচ মেয়ে হলো আমেনা খাতুন (২১), সুমাইয়া (১২), মরিয়ম (১০), ফাতেমা (৭) ও খাদিজা (৭ মাস বয়সী)।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের পর পুলিশ জানিয়েছিল, নিহত ব্যক্তিদের একজন পুরুষ। দুজন নারী যাঁদের একজনের বয়স আনুমানিক ৩৫, অপরজনের ২০-২৫ বছর। আর যে চারটি মেয়েশিশুর লাশ উদ্ধার হয়েছে, তাদের আনুমানিক বয়স যথাক্রমে ১০ বছর, ৭ বছর, ২ বছর ও কয়েক মাস। শিরিনার বাবা আবু বকরের বর্ণনার সঙ্গে এই বর্ণনার মিল রয়েছে। পুলিশের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই এক পরিবারের সদস্য।

পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের একটি সূত্র বলেছে, নিহত লোকমানের একাধিক ছদ্মনাম ছিল। মৌলভীবাজারের এই বাসাটি ভাড়া নেওয়ার সময় নাম বলেছিলেন সোহেল রানা। তিনি শায়খ আবদুর রহমানের প্রতিষ্ঠিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা পুরোনো জেএমবির সদস্য ছিলেন। সেখান থেকে পরে নব্য জেএমবিতে এসেছেন।

প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক জানান, এই লোকমান হোসেন ওরফে লোকমান হাকিম শিবগঞ্জ থানার ২০০৮ সালের একটি মামলার আসামি। ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে ওই মামলার অভিযোগপত্র দেওয়ার পর ওই মামলাটি এখন বিচারাধীন আছে। মামলায় মোট আসামি ২২ জন। সবার পরিচয় লেখা হয়েছে জেএমবির সদস্য।

লোকমান ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলামের ছেলে। তাঁর মা রাজিয়া বেগম অনেক দিন আগে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যরা জানান, লোকমান তিন ভাইয়ের মধ্যে তৃতীয়। বড় ভাই গ্রামে পশুর চিকিৎসা করেন, দ্বিতীয় ভাই ঢাকায় রিকশা চালান। লোকমানের বিমাতা ও বাবা গ্রামের বাড়িতে থাকেন।

বাড়ির লোকজন জানায়, লোকমান মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তিনি ২৩ বছর আগে একই উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কলাবড়ি গ্রামের কৃষক আবু বকরের মেয়ে শিরিনাকে বিয়ে করেন। বাড়িতে থাকা অবস্থায় লোকমানের দুই সন্তানের জন্ম হয়। বাড়ি ছাড়ার পর আরও তিন মেয়ের বাবা হন তিনি। তবে লোকমান কী কাজ করতেন, কোথায় থাকতেন, সে ব্যাপারে কিছু জানতেন না বলে দাবি করেন তাঁর ও শ্বশুরের পরিবার।