নাসেরের বক্তব্যের নিন্দায় খালেদা রব্বানী
বিএনপির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এম নাসের রহমানের বক্তব্যের নিন্দা জানিয়েছে সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশ। খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সম্পর্কে নাসের রহমান কটূক্তি করেছেন বলে গতকাল রোববার এক বিবৃতিতে এর নিন্দা জানিয়েছে। নাসের রহমান গত শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁদের কটাক্ষ করে বক্তব্য দেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। নাসের রহমানের নেতৃত্বাধীন অংশের ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।বিবৃতিতে খালেদা রব্বানী বলেন, তাঁরা মনে করেন, তাঁর (নাসের রহমান) বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তাঁরা এরকম বক্তব্যের জন্য ধিক্কার, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিগত পৌর নির্বাচনে ইলিয়াস আলীর সঠিক নেতৃত্বের কারণে মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগে সংখ্যাগরিষ্ঠ দলের মেয়র নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ইলিয়াস আলীর নেতৃত্বে হবিগঞ্জে সংসদের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছেন। কিন্তু ইলিয়াস আলী সম্পর্কে নাসের রহমান বলেছেন, গায়ে মানে না আপনি মোড়ল। এ কথা নাসের রহমানের বেলায়ই প্রযোজ্য বলে তাঁরা মনে করেন।বিবৃতিতে খালেদা রব্বানী ছাড়া আরও স্বাক্ষর করেছেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মতিন বকশ প্রমুখ।গত শনিবার নাসের রহমান মৌলভীবাজার প্রেসক্লাবে তাঁর নেতৃত্বাধীন অংশের ছয় নেতার দল থেকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নাসের রহমান এই নেতাদের বহিষ্কারের জন্য ইলিয়াস আলীকে অভিযুক্ত করে বলেন, তিনি এই সময়ে লন্ডনে থাকায় ইলিয়াস আলী তাঁদের বহিষ্কার করার সুযোগ পেয়েছেন।