নাহার গার্ডেনের এমডি সাইফুলকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অভিযোগে করা এক মামলায় নাহার গার্ডেন প্রাইভেট লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামকে অবিলম্বে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ সাইফুলের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আইনজীবী সূত্র বলেছে, ওই মামলায় চলতি বছরের ২৫ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান সাইফুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা আজ শুনানির জন্য ওঠে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ মো. সাইফুল ইসলামকে অবিলম্বে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাকে গ্রেপ্তারে ঢাকার মুখ্য মহানগর হাকিম আইন অনুসারে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

আইনজীবী সূত্র বলেছে, ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুলসহ দশ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করে দুদক। এতে, বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে সুদ ও আসলসহ ৪৭ কোটি ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। গত বছরের ১৮ জুলাই সাইফুল গ্রেপ্তার হয়।