নাহার পুঞ্জিবাসী ও চা-বাগান শ্রমিকদের সংঘর্ষে আহত ২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নাহার পুঞ্জির আদিবাসী খাসিয়া ও নাহার চা-বাগানের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাহার পুঞ্জি, নাহার চা-বাগান ও পুলিশের কাছে জানা যায়, নাহার পুঞ্জি-১-এর (আসলম পুঞ্জি) আদিবাসী খাসিয়ারা তাঁদের বসতবাড়ি এলাকায় নতুন করে ঘর নির্মাণ করছেন। কিন্তু চা-বাগান কর্তৃপক্ষ পুঞ্জির এ জায়গা তাদের দাবি করে আসছে। এ নিয়ে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়। গতকাল দুপুর ১২টার দিকে চা-শ্রমিকেরা নাহার পুঞ্জিতে হামলা করেন। এ সময় পুঞ্জির আদিবাসীরা চা-শ্রমিকদের হামলা প্রতিহত করলে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া এবং পাথর ও মার্বেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাহার পুঞ্জির তিন নারীসহ উভয় পক্ষের ওই ২৫ জন আহত হন।
নাহার চা-বাগান কর্তৃপক্ষ দাবি করেছে, নিতাই চাষা ও করণিক ডি এম নাইম নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন৷ তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাহার চা-বাগানের ব্যবস্থাপক পীযূষ কান্তি ভট্টাচার্য বলেন, অবৈধভাবে নাহার পুঞ্জির লোকজন চা-বাগানের জায়গা দখল করে ঘর তুলছিল। এতে বাধা দিলে অবৈধ অস্ত্র দিয়ে তারা গুলি করে।
নাহার পুঞ্জির সহকারী মন্ত্রী (সহকারী পুঞ্জিপ্রধান) ডিবারমিন পতাম বলেন, ‘আমরা আমাদের বসতবাড়ি এলাকায় ঘর করছি। বাগানের দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিক আমাদের ওপর হামলা করে। তারা জমি দখল করতে এসেছিল। আমরা তাদের প্রতিহত করলে একসময় চলে যায়।’ তবে ডিবারমিন গুলি করার কথা অস্বীকার করেছেন৷
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, ‘অনেক দুর্গম জায়গা। আসতে অনেক কষ্ট হয়েছে। এখন দুই পক্ষকেই শান্ত রাখা হয়েছে। খাসিয়ারা তাদের বসতঘরের পাশে ঘর ওঠাচ্ছিল। চা-বাগান কর্তৃপক্ষ তাদের জায়গা দাবি করে আক্রমণ করেছে। এতে উভয় পক্ষেই কয়েকজন আহত হয়েছে। চা-বাগানের পক্ষ থেকে গুলির কথা বলা হলেও গুলির বিষয়টি নিশ্চিত হতে পারিনি।’