নাহারপুঞ্জিতে হামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নাহারপুঞ্জিতে চা-শ্রমিকদের হামলার প্রতিবাদে কুলাউড়া উপজেলার আদিবাসীরা মানববন্ধন করেছেন৷ গতকাল রোববার কুলাউড়ার চৌমোহনা এলাকায় এ মানববন্ধন হয়৷ এদিকে হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন নাহারপুঞ্জির বাসিন্দারা৷
কুলাউড়া আদিবাসী নারী ফেডারেশনের সভানেত্রী মণিকা খংলার সভাপতিত্বে দুপুরে এ মানববন্ধন হয়৷ এতে বক্তব্য দেন সমাজকর্মী খালেদ পারভেজ বক্স, আদিবাসী নেত্রী হেলেনা হিরামন তালাং, এলফি লামিন, সজল বড়কুর্মি, তমাল আজিম প্রমুখ৷ মানববন্ধনে খাসি স্টুডেন্ট ইউনিয়নসহ ১০টি সংগঠনের নেতারা অংশ নেন৷
এদিকে গত শুক্রবার নাহার চা-বাগানের শ্রমিকদের হামলার শিকার হওয়ার পর থেকে ওই চা-বাগানের রাস্তা দিয়ে চলাচল করতে সাহস পাচ্ছেন না নাহারপুঞ্জির বাসিন্দারা৷ পুঞ্জির আদিবাসীরা অভিযোগ করেন, তাঁরা পুঞ্জির টিলা থেকে নিচে নামতে সাহস পাচ্ছেন না। বিক্রি করতে না পারায় ৭০ কুড়ি (১৪৪ পাতায় এক কান্তা, ২০ কান্তায় এক কুড়ি) পান পচে গেছে। চা-শ্রমিকদের বাধায় বাইরের ব্যবসায়ীরাও ওপরে আসতে পারছেন না৷ এতে পুঞ্জিতে খাবার ও ওষুধ সংকট দেখা দিয়েছে।
পুঞ্জির সহকারী মন্ত্রী (সহকারী পুঞ্জিপ্রধান) ডিবারমিন পতাম গতকাল বলেন, ‘পুলিশ আমাদের ধৈর্য ধরতে বলছে। এদিকে আমাদের চাল-ডাল ফুরিয়ে যাচ্ছে। আবার হামলা হবে বলে লোকমুখে শুনছি। আমরা খুব ভয়ে আছি।’
চা-বাগানের ব্যবস্থাপক পীযুষ কান্তি ভট্টাচার্য বলেন, ‘চা-বাগানের পক্ষ থেকে কাউকে বাধা দেওয়া হচ্ছে না।’
নাহার চা-বাগান ও পুঞ্জি এলাকায় দায়িত্বরত শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম জালাল উদ্দিন বলেন, ‘চা-শ্রমিক আহত হওয়ায় শ্রমিকদের মধ্যে কিছু উত্তেজনা আছে। আর পুঞ্জির লোকজন ভয়েই নিচে নামছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে৷
জমি নিয়ে বিরোধের জের ধরে ৩০ মে দুপুরে নাহার চা-বাগানের চা-শ্রমিকেরা নাহারপুঞ্জিতে (আসলম পুঞ্জি) হামলা করেন।
এতে সংঘর্ষে দুই পক্ষের ২৫ জন আহত হন।