নাহারপুঞ্জির আদিবাসীদের আতঙ্ক কাটছে না
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নাহারপুঞ্জির আদিবাসী খাসিয়াদের আতঙ্ক কাটছে না। দুই দিন ধরে নাহারপুঞ্জিতে পান পাতা উত্তোলন ও বেচাবিক্রি বন্ধ রয়েছে।
নাহার চা-বাগানের রাস্তা দিয়ে পুঞ্জির লোকজনকে চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এতে পুঞ্জিবাসী অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন। এদিকে নতুন করে সংঘর্ষ এড়াতে গতকাল শনিবার নাহার চা-বাগান ও নাহারপুঞ্জি এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে নাহার চা-বাগানের শ্রমিকেরা নাহারপুঞ্জিতে (আসলমপুঞ্জি) হামলা করেন। চা-শ্রমিক ও আদিবাসী খাসিয়াদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন।
নাহারপুঞ্জিতে ৩৪টি আদিবাসী খাসিয়া পরিবারের বাস। এখানকার আদিবাসীরা অভিযোগ করেন, নাহার চা-বাগানের ভেতরের রাস্তা দিয়ে নাহারপুঞ্জির আদিবাসীরা আসা-যাওয়া করেন। শুক্রবারের সংঘর্ষের পর থেকে চা-বাগানের রাস্তা দিয়ে পুঞ্জিতে আসা-যাওয়া করতে লোকজনকে বাধা দিচ্ছেন চা-শ্রমিকেরা। বাইরের যেসব শ্রমিক পুঞ্জিতে এসে কাজ করেন গতকাল তাঁদের আসতে দেওয়া হয়নি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ফেরিওয়ালাদেরও বাধা দেওয়া হয়েছে।
অন্যদিকে দুই দিন (শুক্র ও শনিবার) ধরে নাহারপুঞ্জির পান উত্তোলন ও বিক্রি বন্ধ রয়েছে। প্রতিদিন পুঞ্জিতে ৭০ থেকে ৮০ কুড়ি (১৪৪ পাতায় এক কান্তা, ২০ কান্তায় এক কুড়ি) পান উত্তোলন এবং তা পাইকারদের কাছে বিক্রি করা হয়। পান আটকে যাওয়ায় তা পচে যাচ্ছে। পাশাপাশি পুঞ্জির আদিবাসীরা আর্থিক সংকটে পড়ছেন।
নাহারপুঞ্জির সহকারী মন্ত্রী (সহকারী পুঞ্জিপ্রধান) ডিবারমিন পতাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘চা-বাগানের রাস্তা দিয়ে পুঞ্জির শ্রমিক, ফেরিওয়ালা, এমনকি অতিথিদের আসতে বাধা দেওয়া হচ্ছে। পান নিয়ে বাইরে যাওয়া যাচ্ছে না। পানে পচন ধরেছে। আতঙ্কে দিন কাটছে। চিন্তায় কাল (শুক্রবার) থেকে খেতে পারছি না। অবরুদ্ধ থাকলে তো আমাদের মজুত খাদ্যও ফুরিয়ে যাবে। শুনছি, আবারও নাকি হামলা করা হবে।’
আদিবাসী নেতারা গতকাল নাহারপুঞ্জি পরিদর্শন করেছেন। পুঞ্জিতে উপস্থিত আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ও আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং প্রথম আলোকে বলেন, ‘পুঞ্জির লোকজন আতঙ্কে আছে। পান তোলা ও বেচাকেনা বন্ধ। চা-বাগানের ভেতরের রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। তবে স্থানীয় প্রশাসন পুঞ্জির লোকদের আতঙ্কিত না হতে আশ্বস্ত করেছে।’
শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল জলিল বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় পুলিশ টহল আছে।’