নাহারপুঞ্জির খাসিয়াদের উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নাহারপুঞ্জি-১ (আসলমপুঞ্জি) ও নাহারপুঞ্জি-২ (কাইলিনপুঞ্জি) থেকে খাসিয়াদের উচ্ছেদে জারি করা নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার শাখা। এতে সংহতি জানায় খাসিয়া স্টুডেন্ট ইউনিয়ন কুলাউড়া ও সিলেট শাখা, ইনডিজিনাস হিউম্যান রাইটস ডিফেন্ডার ও খাসিয়া ছাত্র সংগঠন মৌলভীবাজার শাখা।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ মুজিবুর রহমান। সমাবেশে বক্তব্য দেন বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ও আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রাধাপদ দেব সজল, আদিবাসী ফোরাম সিলেট বিভাগের সভাপতি গৌরাঙ্গ পাত্র প্রমুখ।