নাহিদ আহমদ নাকি সাইফুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের একজন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ এবং আরেকজন আওয়ামী লীগের নেতা সাইফুর রহমান ওরফে বাবুল।গতকাল সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নাহিদ আহমদের প্রতি সমর্থন দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন। আর গত রোববার একই স্থানে সংবাদ সম্মেলনে সাইফুর রহমানের প্রতি সমর্থন দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী ও স্থানীয় মহাজোট।সংবাদ সম্মেলনে সাংসদ সৈয়দ মহসীন আলী লিখিত ঘোষণাপত্রে বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত সাইফুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপসহ শরিক দলগুলো মহাজোটের একক প্রার্থী ঘোষণা করছে।’ সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী জাতীয় পার্টির তজম্মুল হোসেন চৌধুরী ও জাসদের নাজিম উদ্দিন একমত পোষণ করে করে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। এদিকে গতকাল সোমবার মেয়র পদপ্রার্থী নাহিদ আহমদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী ২১ ডিসেম্বর তৃণমূল পর্যায়ের সভায় নয়টি ওয়ার্ডের উপস্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকের ১২টি ভোট পড়ে আমার পক্ষে। অপর দিকে সাইফুর রহমানের পক্ষে পড়ে চারটি। বেশি ভোট পাওয়ায় আমাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এর পরই আমি মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করি। এখন মনগড়া ও উদ্দেশ্যমূলকভাবে সাইফুর রহমানকে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী ঘোষণা করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াহিদ, সাবেক সাংসদ হোছনে আরা ওয়াহিদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাউর রহমান, জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘নাহিদ আহমদ হচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন-সমর্থিত মেয়র পদপ্রার্থী। কেন্দ্রের মৌখিক নির্দেশনা অনুযায়ী তিনি প্রার্থী হয়েছেন।’