খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার সঙ্গে ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ির যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান চলাচল বন্ধ রয়েছে। দ্রুত নৌযান চলাচল শুরু করা না হলে নাড়াইছড়িতে তীব্র খাদ্যসংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।নাড়াইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দুই দফা বন্দুকযুদ্ধের পর ১৪ জুলাই থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। গত শুক্রবার বাবুছড়ার নতুন বাজার ঘাটে গিয়ে দেখা গেছে, সেখানে সব নৌকা ঘাটে বাঁধা। নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত কয়েকজন আদিবাসী বলেন, এক সপ্তাহ ধরে বাবুছড়ার সঙ্গে নাড়াইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নৌযান চলাচল কারা বন্ধ করেছে তা তাঁরা জানেন না। বাবুছড়ার দুর্গম ধনপাতা এলাকায় গিয়ে দেখা গেছে, নাড়াইছড়ির পরিস্থিতি সম্পর্কে সেখানকার বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।নাম প্রকাশ না করার শর্তে এক কার্বারি (গ্রামপ্রধান) বলেন, এখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাড়াইছড়ির পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি ভালো নয়। সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে। নৌযান বন্ধ থাকার কারণে সেখানে খাদ্যসামগ্রী পৌঁছাতে পারছে না।বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ চাকমা বলেন, ‘নাড়াইছড়ির ২০ গ্রামে আট শতাধিক পরিবারের বাস। সেখানে আদা এবং হলুদ ছাড়া আর কোনো খাদ্যপণ্য উৎপাদন হয় না। এক সপ্তাহ ধরে বাবুছড়া থেকে নাড়াইছড়ি নৌযান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে কোনো নৌযান পণ্য নিয়ে নাড়াইছড়ি যাচ্ছে না। জনপ্রতিনিধি হয়েও আমি অসহায় ও নিরুপায়। তাদের জন্য কিছুই করতে পারছি না।’ ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের প্রধান কিশোর চাকমা অভিযোগ করেন, জনসংহতি সমিতির লোকজন নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতি (সন্তু লারমা) কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বলেন, ‘নাড়াইছড়ি সম্পূর্ণ ইউপিডিএফের নিয়ন্ত্রণে। সেখানে আমাদের কোনো সাংগঠনিক শাখা নেই। তাই সেখানে গোলাগুলির ঘটনার সঙ্গেও তাদের কোনো সম্পৃক্ততা নেই।’ দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেএসএস-ইউপিডিএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। বাবুছড়ার সঙ্গে নাড়াইছড়ির নৌযান চলাচল বন্ধ থাকার বিষয়টি শুনেছি। তবে নাড়াইছড়ি ভারত সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় সেখানে পুলিশের পক্ষে যাওয়া সম্ভব হয় না।