নাড়াইছড়ির সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ, বাসিন্দারা বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষের জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) ও বিপক্ষের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মুখোমুখি অবস্থানে রয়েছে। গত এক সপ্তাহে উভয় পক্ষের মধ্যে দুই দফা বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে।এ অবস্থায় এক সপ্তাহ ধরে উপজেলার বাবুছড়া ইউনিয়নের সঙ্গে নাড়াইছড়ির যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে বাবুছড়া থেকে নাড়াইছড়িতে কোনো খাদ্যসামগ্রী যেতে পারছে না। এতে নাড়াইছড়িতে খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।এদিকে নিরাপত্তাহীনতার কারণে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধারাস চন্দ্র চাকমা ও জ্ঞানময় চাকমা ও নাড়াইছড়ির বাসিন্দা বাবুছড়ায় আশ্রয় নিয়েছেন। নাড়াইছড়ি থেকে গত কয়েক দিনে অর্ধশতাধিক জুমিয়া পরিবার বাবুছড়ায় ফিরে এসেছে। সেখানকার ২০ গ্রামের আট শতাধিক আদিবাসী পরিবার নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, নাড়াইছড়ির দখল নিতে গত বছরের ২০ নভেম্বর ওই এলাকার দেওয়ানপাড়া থেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তারের প্রথম লড়াই শুরু হয়। ২৬ জানুয়ারি দেওয়ানপাড়ার কঁইয়াতলী, ৮ ফেব্রুয়ারি নোনাকার্বারিপাড়া এলাকায়, ৮ মার্চ বাঘেইহাট স্থানে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এরপর যৌথ বাহিনী এক সপ্তাহ ধরে ওই এলাকায় অভিযান চালালে দুই মাস পরিস্থিতি শান্ত থাকে। ১০ জুন ছাদরকছড়া স্থানে এবং ১৪ জুন রূপচান কার্বারিপাড়ায় উভয় পক্ষের মধ্যে আবারও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার বাবুছড়া নতুন বাজার ঘাটে গিয়ে সাংবাদিক পরিচয় গোপন করে পর্যটক পরিচয় দিয়ে এ প্রতিবেদক নাড়াইছড়ি যাওয়ার নৌযান খুঁজতে থাকেন। তখন ঘাটে বসা কয়েকজন আদিবাসী নারী চাকমা ভাষায় বলেন, ‘দা নাড়েইছড়ি ন যেইছ, নাড়েইছড়ি হোন বোট ন যেবো, সিদ্দিন পরিস্থিতি ভালা নয়।’ অর্থাৎ ‘দাদা, নাড়াইছড়ি যাবেন না। নাড়াইছড়িতে কোনো নৌযান যাবে না। সেখানের পরিস্থিতি ভালো নয়।’এ সময় বাবুছড়ার বড়ুয়াপাড়াগামী নৌযানের চালক নোবেল চাকমা বলেন, ‘নিরাপত্তা না থাকায় এক সপ্তাহ ধরে আমরা কেউ নৌযান নিয়ে নাড়াইছড়ি যাচ্ছি না।’যোগাযোগ করা হলে বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ চাকমা বলেন, ‘নাড়াইছড়ির ২০ গ্রামে আট শতাধিক পরিবারের বসবাস। সেখানে মূলত আদা-হলুদ উৎপাদিত হয়। সামান্য জুমে ধান চাষ হলেও তা দিয়ে দেড় মাসের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব। পণ্য সরবরাহ বন্ধ থাকায় নাড়াইছড়িতে খাদ্যসংকট দেখা দিতে পারে। নিরাপত্তার কারণে নাড়াইছড়ি থেকে অর্ধশতাধিক জুমিয়া পরিবারের বাবুছড়ায় ফিরে আসার বিষয়টি পরিতোষ নিশ্চিত করেছেন।বন্দুকযুদ্ধ নিয়ে বক্তব্য জানতে চাইলে জনসংহতি সমিতির (সন্তু) কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, ‘জেএসএস গণতান্ত্রিক সংগঠন। সন্ত্রাস ও অস্ত্রবাজিতে বিশ্বাস করে না। নাড়াইছড়িতে জেএসএসের কোনো সদস্য ও ক্যাম্প নেই। সেখানে জেএসএসের সঙ্গে এ পর্যন্ত কোনো বন্দুকযুদ্ধ হয়নি।’ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের প্রধান উদয় চাকমা বলেন, ‘ইউপিডিএফের কোনো সশস্ত্র সংগঠন নেই। ইউপিডিএফ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমাদের মধ্যে অভ্যন্তরীণ কোনো কোন্দল নেই।’ নাড়াইছড়ির পরিস্থিতি নিয়ে বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল হাসান বলেন, ‘নাড়াইছড়ি থেকে লোকজন চলে যাওয়ার বিষয়টি সঠিক নয়। নাড়াইছড়িতে সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান শুরু করেছে। এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।’খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজ বলেন, ‘নাড়াইছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে জেএসএস-ইউপিডিএফ কয়েক মাস ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে। ওই এলাকায় কয়েক দফা বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে। নিরাপত্তার কারণে বাবুছড়া থেকে নাড়াইছড়ি পর্যন্ত নৌ-চলাচল বন্ধের বিষয়টি কেউ জানায়নি।’