নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ
ঈদুল ফিতরের আগে শেষ কার্যদিবসে গতকাল বুধবার অনেকেই নিজ কার্যালয় থেকে সরাসরি স্টেশন কিংবা বাস টার্মিনালে চলে যান। নাড়ির টানে নগর ছাড়ে হাজার হাজার মানুষ। তাই তিল ধারণের ঠাঁই ছিল না বাস ও ট্রেনে।কয়েক দিন ধরে প্রতিদিন হাজারো মানুষ চট্টগ্রাম ছাড়ছে। তাই চট্টগ্রাম নগরের চিরচেনা সেই কোলাহল কমে আসছে। তবে এখনো বিপণিবিতানকেন্দ্রিক ভিড় রয়েছে। ফাঁকা হয়ে আসছে রাস্তাঘাটগুলো। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর চট্টগ্রাম নগর মোটামুটি ফাঁকা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।রেলওয়ে সূত্র জানায়, গত মঙ্গলবার থেকে ট্রেনে যাত্রীদের চাপ বাড়তে শুরু হয়। প্রতিদিন আটটি আন্তনগর ও চারটি মেইলসহ ১৩টি ট্রেনে করে ১৫ থেকে ১৬ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশে চট্টগ্রাম ছাড়ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, আসনভিত্তিক টিকিট ১০ দিন আগেই বিক্রি হয়েছে। এখন স্ট্যান্ডিং (দাঁড়িয়ে ভ্রমণের) টিকিট কিনে যাত্রীরা ট্রেনে উঠছে।নগরের কদমতলী, বিআরটিসি ও অলংকার মোড়ে অবস্থিত বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় বাড়ছে। কদমতলী থেকে বৃহত্তর চট্টগ্রাম ও কুমিল্লার যাত্রীরা গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। তবে এসব পথে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। কুমিল্লা ও নোয়াখালী থেকে গাড়িগুলো যাত্রীশূন্য হয়ে ফিরছে—এ অজুহাতে ভাড়া বাড়ানো হয়েছে।যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেনের যাত্রা মোটামুটি নির্ঝঞ্ঝাট। তবে যারা বাসে চেপে যাচ্ছে, তাদের অবস্থা কাহিল। কারণ সীতাকুণ্ডে গত মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেছিলেন পাটকলের শ্রমিকেরা। এ কারণে যানবাহন কয়েক ঘণ্টা আটকে ছিল। গতকাল মিরসরাইয়ে একটি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল আবার থমকে যায়। এ কারণে নোয়াখালীর চার ঘণ্টার ভ্রমণে সাত-আট ঘণ্টা লেগে যাচ্ছে। অনুরূপ সময় লাগছে কুমিল্লার চার ঘণ্টার যাত্রায়ও।এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেরামত হয়েছে। তবে সড়ক অবরোধ ও দুর্ঘটনার কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।