নাড়ির টানে মৃত্যুভয় উপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন দুটি দেশ, ভিন্ন তাদের ভৌগোলিক অবস্থান। কিন্তু দেশ দুটির কিছু মানুষের হূদয়ের টান অভিন্ন। তারা সম্পর্কে কেউ ভাই-বোন, মা-মেয়ে, কেউ নিকটাত্মীয়। নাড়ির টানে ছুটে যায় তারা বাংলাদেশ-ভারত সীমান্তে। বছরের একটিমাত্র দিন না দেখা আত্মীয়দের দেখার সুযোগ পায় তারা। সেটা পয়লা বৈশাখ। কিন্তু ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদীরপাড়ের বাসিন্দারা অনেকেই এবার তাদের আত্মীয়স্বজনকে দেখতে পায়নি। জানা গেছে, গত বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে দুই বাংলার মানুষ মিলিত হতে পারেনি। তবে অনেকে বিএসএফের বাধা উপেক্ষা করে শুধু নাড়ির টানে ছুটে গেছে সীমান্ত এলাকায়। সেরে নিয়েছে স্বজনদের সঙ্গে না বলা কথা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দেশ বিভাগের পর থেকে প্রতিবছর বৈশাখের (পঞ্জিকা অনুসারে) প্রথম দিন সীমান্ত উন্মুক্ত করে দিত বিএসএফ। কোনো বাধা ছাড়াই দুই বাংলার মানুষ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে পারত। সরেজমিনে ২ রাইফেলস ব্যাটালিয়নের হরিপুর ও ২০ রাইফেলস ব্যাটালিয়নের বুজরুক সীমান্ত এলাকায় দেখা গেছে, সকাল নয়টা থেকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে হাজারো বাংলাদেশি ভারতীয় আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে হরিপুর ইউনিয়নের নাগর নদীর বাঁধের ওপর ভিড় করেছে। কেউ কেউ বাড়ি থেকে রান্না করে এনেছে। অপেক্ষা করছে কখন বিএসএফের অনুমতি মিলবে, দেখতে পাবে বহু দিন না দেখা স্বজনদের মুখ। চলছে নিজেদের মধ্যে কানাঘুষা। বেলা ১১টার দিকে দুই ঘণ্টার জন্য ওপারের মানুষদের সীমান্ত এলাকায় আসতে অনুমতি দেবে বিএসএফ। এদিকে মুঠোফোনে চলছে ভারতে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ। সে সময় হরিপুর কোম্পানি কমান্ডার সুবেদার আতিয়ার রহমান এলে লোকজন তাঁকে ঘিরে ধরে। কিন্তু কোম্পানি কমান্ডার তাদের সাফ জানিয়ে দেন, এ বছর দেখা করার সুযোগ নেই। বেলা একটার দিকে বিএসএফের অনুমতি না পেয়ে অপেক্ষায় থাকা হাজারো মানুষ বিডিআরের বাধা উপেক্ষা করে নদীতে ঝাঁপিয়ে পড়ে কাঁটাতারের বেড়ার পাশে যেতে থাকে। পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর থেকে সীমান্তে এসেছেন বৃদ্ধ চৈতী রানী (৬৫)। কেন সীমান্তে এলেন জানতে চাইলে চৈতী বলেন, ‘জীব খান (আত্মা) মেয়ের তানে কান্দেছে। পরিয়া হুরিয়া যাচ্ছু। কোন বেলা মরিয়া যাচ্ছু কহিবা পারু না। মেয়েলাক দেখিবা যায়ে মরিলেও জীব খান শান্তি পাইবে।’ ঠাকুরগাঁওয়ের রায়পুর থেকে মেয়েকে দেখতে এসে বিএসএফ জওয়ানদের বাধা পেয়ে ফিরে যান কাজল রানী। তিনি বলেন, ‘নয় বছর ধরে মেয়ের সঙ্গে দেখা নেই। মেয়ে ও জামাইয়ের জন্য পোলাও রান্না করে এনেছিলাম। ইচ্ছা ছিল মেয়ে ও জামাইকে নিয়ে একসঙ্গে বসে খাব। কিন্তু তা আর হলো না।’হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘এ বছর আমরা চেষ্টা করেও বিএসএফের অনুমতি পাইনি। তাই দুই বাংলার মানুষ মিলিত হতে পারেনি। তবুও মানুষ মৃত্যুভয় উপেক্ষা করে ছুটে গেছে কাঁটাতারের বেড়ার কাছে।’