বন্দর নগর চট্টগ্রাম ফাঁকা হতে শুরু করেছে। নাড়ির টানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে ভিন জেলার বাসিন্দাদের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দারাও নগর ছাড়ছেন। শেষ মুহূর্তে ট্রেন আর বাসে করে বাড়ি যাচ্ছেন অনেকে। তবে স্টেশন ও টার্মিনালে আগের দিনগুলোর চেয়ে গতকাল শুক্রবার লোকজনের চাপ কম দেখা গেছে। তাই গতকাল অনেকেই স্বাচ্ছন্দ্যেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। গত বুধবার থেকে একটানা দীর্ঘ ছুটি শুরু হওয়ায় অনেক পরিবারের নারী-শিশু ও বয়স্ক ব্যক্তিরা আগেই চলে গেছেন বাড়িতে। এখন কেউ কেউ বাড়ি ফিরছেন একা। গতকাল শুক্রবার ট্রেন ও বাসে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন পেশার মানুষ নগর ছেড়েছেন। গতকাল শুক্রবার সকাল থেকেই বন্দর নগরের ব্যস্ত সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। নগরের ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত জিইসি, ওয়াসা মোড়, কোতোয়ালি, কাজীর দেউড়ি ও গতকাল শুক্রবার সকালে নগরের রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, চাঁদপুর ও নোয়াখালীগামী ট্রেনগুলো ছেড়ে গেছে সময়মতো। যাঁরা অগ্রিম টিকিট পাননি, তাঁরা দাঁড়িয়ে যাওয়ার স্ট্যান্ডিং টিকিট কেটেই বাড়ি ফিরেছেন। গতকাল বেলা তিনটায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে মহানগর গোধূলী। আখাউড়ার যাত্রী সাইফুল আলম বলেন, ‘আগে দুই দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাইনি। পরিবারের অন্য সদস্যদের আগেই পাঠিয়ে দিয়েছি। ভাইবোনেরা সবাই বাড়ি পৌঁছে গেছে গতকাল (বৃহস্পতিবার)। এখন স্ট্যান্ডিং টিকিট কেটেছি। দাঁড়িয়ে হলেও আজ যে বাড়ি ফিরতেই হবে।’ চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ছেড়ে যাওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু বিকেল চারটায় পরিবারের সবাইকে নিয়ে স্টেশনে পৌঁছে যান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী তৌফিকুল ইসলাম। সাইফুল প্রথম আলোকে বলেন, ‘বাড়ি যাওয়ার খুশিতে ছেলেমেয়েদের আর ঘরে থাকতে চাইল না। তাই একটু আগেই চলে এসেছি। বাড়ি যাচ্ছি তাই বসে থাকতেও ভালো লাগছে।’ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া আটটি ট্রেনই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে গেছে। আশা করি, অন্য ট্রেনগুলোও সময়সূচি অনুসারে যাত্রা করবে। আজ (শুক্রবার) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে।’ ট্রেনে যাত্রীদের ভিড় থাকলেও তেমন ভিড় ছিল না বাসে। দূরপাল্লার বাসগুলোতেও গত কয়েক দিনের তুলনায় যাত্রী ছিল কম। উত্তর ও দক্ষিণাঞ্চলে গত বুধবার থেকে বাড়ি ফেরায় চাপ কম বলে মনে করেন বাস কাউন্টারের কর্মচারীরা। গতকাল শুক্রবার বিআরটিসি কাউন্টারের কর্মচারীরা জানান, উত্তর ও দক্ষিণাঞ্চলের টিকিটের চাহিদা থাকলেও ঢাকাগামী বাসের টিকিটের তেমন চাহিদা নেই। যেসব বাস গত কয়েক দিনে গেছে, সেগুলোও প্রায় খালি ফিরছে। বগুড়াগামী যাত্রী রবিউল হোসেন বলেন, ‘আগে টিকিট কাটি নাই। এখন যে বাসে টিকিট পাই, তা নিয়েই চলে যাব। বাড়িতে সবাই অপেক্ষায় আছে।’