নায়ক রাজ্জাকের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক রাজ্জাকের কুলখানি গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট বলেন, বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়। এ সময় তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও মোনাজাত করা হয়। তিনি বলেন, কুলখানিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিবারের সদস্যরা এবং চলচ্চিত্রাঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন। চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে নায়ক আলমগীর, শাকিব খান, ওমর সানী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রাজ্জাকের বহু ভক্ত-শুভানুধ্যায়ী মোনাজাতে অংশ নেন।

নায়ক রাজ্জাক গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।