নায়ারের লাশের পুনঃ ময়নাতদন্ত সম্পন্ন

হুজমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক এইসব দিনরাত্রির ‘টুনি’ চরিত্রে অভিনয় করা নায়ার সুলতানার লাশ পুনঃ ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার আবার দাফন করা হয়েছে। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে তিন সদস্যের একটি দল এই ময়নাতদন্ত করে।
সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, ময়নাতদন্তকারী দলের নেতৃত্ব দেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান প্রণব কুমার চক্রবর্তী। প্রথমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাঁর ময়নাতদন্ত হয়েছিল।
গত ১৬ অক্টোবর গুলশানে স্বামীর বাড়ি থেকে নায়ার সুলতানা ওরফে লোপার (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই দিনই তাঁর মা রাজিয়া সুলতানা নিহতের স্বামী আল আমিন ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন। আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম দফা ময়নাতদন্তে নায়ারের মৃত্যু ‘আত্মহত্যাজনিত’ উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানিয়ে আদালতে লাশের পুনঃ ময়নাতদন্তের আবেদন করেন রাজিয়া সুলতানা। ২৬ নভেম্বর আদালত পুনঃ ময়নাতদন্তের ব্যবস্থা করতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বনানী কবরস্থান থেকে লাশ তোলা হয়।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল সকালে লাশের পুনঃ ময়নাতদন্ত শেষে দুপুর ১২টার দিকে আবার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
রাজিয়া সুলতানা গতকাল মর্গের সামনে বলেন, ‘ঢাকা মেডিকেলের ময়নাতদন্তে আমাদের আপত্তি ছিল। কিন্তু আজও (শুক্রবার) ময়নাতদন্তকারী তিনজনের মধ্যে ঢাকা মেডিকেলের এক শিক্ষককে আমি দেখেছি। এই ময়নাতদন্তেও ভালো কিছু পাব, এমন আশা আমি করছি না।’