নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পাঁচ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যসহ শীর্ষ পাঁচ কর্মকর্তাকে আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত অবমাননার দায়ে ১৭ মে তাঁদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুসারে গতকাল সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরীসহ পাঁচ কর্মকর্তা আদালতে হাজির হন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ ঘটনার সময় দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে তোফায়েল আহমেদ ঘটনার শিকার হয়েছেন।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো আদালতের নির্দেশ ঠিকমতো অনুসরণ করেনি। অভিযুক্ত অন্য কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আনোয়ার হোসেন, রেজিস্ট্রার ফিরোজ আহমেদ আকতার, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান ও ডিন আবু রায়হান। আসামি পক্ষের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন প্রথম আলোকে জানান, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত পাঁচজনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মামলাটির নিষ্পত্তি করেছেন।গত ৭ এপ্রিল বগুড়ার টিএইচ বিপিএড কলেজ, এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ ও শহীদ মুনায়েম হোসেন বিএড কলেজের অধিভুক্তি নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এসব কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ পালনে গড়িমসি করায় তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলাটি করা হয়।