আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের নিয়ে অবমাননার মন্তব্যের অভিযোগে দেওয়া রুলের লিখিত জবাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ১০ জুন করা ওই মন্তব্যের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল রোববার জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে এ লিখিত জবাব জমা দেন তাঁর আইনজীবী এম সাঈদ আহমেদ। এ বিষয়ে শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গত ৬ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনেন তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক। ৭ জুলাই এ আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ ও মোর্শেদ আহমেদ খান। শুনানিতে তাঁরা বলেন, ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই দিন রায়ের পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে ট্রাইব্যুনাল-২-এর বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন। এরপর ১২ জুলাই জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার এ রুল দেন ট্রাইব্যুনাল।
এর আগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার সাজা দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিনই জাফরুল্লাহ এজলাসে সাজা ভোগ করলেও অথর্দণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। এরপর আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৮ জুলাই তাঁর সাজা বাতিল করেন আপিল বিভাগ।