নিঃশর্ত ক্ষমা চাইলেন তাজুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার রুলের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী তাজুল ইসলাম। রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা ও বিরূপ মন্তব্য করায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতাকে রুলের জবাব দেওয়ার জন্য ১০ ফেব্রুয়ারি দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার তাজুল ইসলামের পক্ষে লিখিত আবেদনের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান সুপ্রিম কোর্টের আইনজীবী বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস। আর জামায়াত-শিবিরের পাঁচ নেতার পক্ষে রুলের জবাব দেওয়ার জন্য সময়ের আরজি জানান আইনজীবী নজরুল ইসলাম। ট্রাইব্যুনাল সময়ের আর্জি মঞ্জুর করে ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও তুরিন আফরোজ উপস্থিত ছিলেন।
জামায়াত-শিবিরের ওই পাঁচ নেতা হলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এবং শিবিরের সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান। ১২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে রুল দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
গত বছরের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। ওই রায়ের প্রতিবাদে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। জামায়াত-শিবিরের শীর্ষনেতারা ট্রাইব্যুনালের রায় নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানান। ৩১ ডিসেম্বর জামায়াতের মুখপত্র সংগ্রাম পত্রিকায় এসব প্রতিক্রিয়া ছাপা হয়। এ ছাড়া আইনজীবী তাজুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ যেসব সাক্ষ্যপ্রমাণ দিয়েছে, সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়েি ফেলা হলেই সুবিচার হতো। জামায়াত-শিবিরের নেতাদের ও আইনজীবীর এসব প্রতিক্রিয়া ও বক্তব্য উল্লেখ করে ১ জানুয়ারি আদালত অবমাননার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।