নিঃশর্ত ক্ষমা চাইলেন ১৪ জন বিবৃতিদাতা
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিষয়ে বিবৃতিদাতাদের মধ্যে ১৪ জন আজ মঙ্গলবার তাঁদের বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
যে ১৪ জন ক্ষমা চেয়েছেন, তাঁরা হলেন ড. শাহদীন মালিক, এম হাফিজউদ্দিন খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধূরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মোহসিন, নায়লা খান, শাহনাজ হুদা, জাকির হোসেন, অরূপ রাহী, শাহীন আক্তার ও ইলোরা দেওয়ান।
গত ১৪ জানুয়ারি বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জন বিশিষ্ট নাগরিকের কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২৭ জানুয়ারির মধ্যে তাঁদের নিজে বা আইনজীবীর মাধ্যমে এই ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
ওই দিন সংবাদ ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র মো. মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাইব্যুনালের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক ও মানবাধিকার কর্মী হানা শামস আহমেদ ৫০ জন বিবৃতিদাতার ঠিকানা দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আদেশে ট্রাইব্যুনাল বলেছেন, খুশী কবির বাদে বাকি বিবৃতিদাতাদের ২৭ জানুয়ারির মধ্যে তাঁদের আচরণ বা বিবৃতির বিষয়ে সশরীরে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা জানাতে হবে। বিবৃতিদাতাদের মধ্যে ১১ জন দেশের বাইরে থাকেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁদের ট্রাইব্যুনালের আদেশ পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়।
দেশের ৫০ জন বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে গত ২০ ডিসেম্বর প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন।