নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সাজা বাতিল জাফরুল্লাহ চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার দায়ে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সাজা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে জাফরুল্লাহ চৌধুরীর নিঃশর্ত ক্ষমার আবেদন আদালতে উপস্থাপন করেন তাঁর আইনজীবী আবদুর রেজাক খান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি নিষ্পত্তি করে আদেশ দেন। এ সময় জাফরুল্লাহ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করায় আদালত জাফরুল্লাহ চৌধুরীর দণ্ড বাতিল করেছেন। তবে আদালত ভবিষ্যতে বিচারক ও বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তাঁকে সতর্ক করে দিয়েছেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের আদেশের পর জাফরুল্লাহ চৌধুরী এক ঘণ্টা দণ্ড ভোগ করেছেন। তবে সর্বোচ্চ আদালতের এই আদেশের পর কাগজে-কলমে ওই দণ্ড আর থাকল না। আর অর্থদণ্ড থেকে তিনি অব্যাহতি পেলেন।
গতকাল শুনানির এক পর্যায়ে আদালত মন্তব্য করেন, যেকোনো বিষয়ে প্রতিকার চাওয়ার জন্য মানুষ সর্বোচ্চ আদালতে আসতে পারেন। এ জন্য শুধু সংবিধানের ১০৪ অনুচ্ছেদ ব্যবহার করতে হবে, এমন নয়। এ ধরনের ক্ষমতা প্রয়োগে সর্বোচ্চ আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় আদালত অবমাননার দায়ে সাজার বিধান থাকলেও এ সাজার বিরুদ্ধে আপিল করার অধিকার দেওয়া নেই। এ জন্য জাফরুল্লাহ চৌধুরী সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।
ইংরেজি দৈনিক নিউ এজ-এর সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে আদালত অবমাননাকর বিবৃতি দেওয়ার দায়ে গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার দণ্ড দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ওই দিনই জাফরুল্লাহ চৌধুরী এজলাসে এক ঘণ্টার দণ্ড ভোগ করলেও ট্রাইব্যুনালের সাজা চ্যালেঞ্জ করে তিনি আপিল বিভাগে আবেদন করেন।