আদালত অবমাননার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়া ৪৯ জনের মধ্যে ১৪ জন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার ওই বিবৃতির বিষয়ে ৪৯ জন বিবৃতিদাতার ব্যাখ্যা দাখিলের দিন ধার্য ছিল। তাঁদের মধ্যে ১৪ জন গতকাল আইনজীবীর মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তাঁরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও রাশেদা কে চৌধূরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আসিফ নজরুল, শাহনাজ হুদা ও আমেনা মহসীন, বাংলাদেশ শিশু বিকাশ কেন্দ্রের জাতীয় সমন্বয়ক নায়লা জামান খান, সংগীতশিল্পী অরূপ রাহী, লেখক শাহীন আখতার এবং মানবাধিকারকর্মী জাকির হোসেন ও ইলিরা দেওয়ান। শাহদীন মালিক ও হাফিজউদ্দিন খানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম শামসুল হক। অপর ১২ জনের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
বিবৃতিদাতা বাকি ৩৫ জনের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীসহ নয়জন নিজে হাজির হয়ে ট্রাইব্যুনালে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। আর ১৪ জনের পক্ষে ব্যাখ্যা জমা দেওয়ার জন্য তাঁদের আইনজীবী আনিসুল হাসান সময়ের আর্জি জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এ ছাড়া বিদেশে থাকা ১২ জনকে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে (পররাষ্ট্র মন্ত্রণালয়) ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
৫০ বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে গত ২০ ডিসেম্বর প্রথম আলোতে ‘বাগর্ম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন। ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল এক আদেশে ৪৯ জন বিবৃতিদাতার কাছে বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চান।