নিঃশর্ত সংলাপে বসতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। গতকাল শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে এক বৈঠকে ব্যবসায়ী নেতারা এ আহ্বান জানান।
ব্যবসায়ীদের এ আহ্বানের জবাবে খালেদা জিয়া আলোচনার উদ্যোগ নিতে তাঁদের তাগিদ দিয়েছেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাত সাড়ে আটটার দিকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করে।
দুই ঘণ্টার এ বৈঠক শেষে আকরাম উদ্দিন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক সংকট নিরসনে এখনই শীর্ষ পর্যায়ের পরিবর্তে মহাসচিব পর্যায়ে বৈঠক শুরু করা দরকার। তিনি বলেন, ‘আমরা বিএনপি চেয়ারপারসনকে বলেছি, সংলাপ নিঃশর্তে শুরু হতে পারে কি না। তিনি আমাদের বলেছেন, আপনারা সংলাপ শুরুর উদ্যোগ নিন।’
আকরাম জানান, মহাসচিব পর্যায়ে আলোচনা নিয়ে দু-এক দিনের মধ্যে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। তিনি বলেন, ‘মহাসচিব পর্যায়ে বৈঠকে দুই পক্ষ রাজি হলে আমরা বুঝব, তাঁরা ব্যবসায়ীবান্ধব।’
আকরাম উদ্দিন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে নির্দলীয় সরকার নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। মহাসচিব পর্যায়ে সংলাপের আগে কোনো শর্ত না দিয়ে দুই পক্ষই আলোচনা শুরু করুক।’
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চেয়ারপারসন ব্যবসায়ীদের বলেছেন, তাঁরা যেন আলোচনার উদ্যোগ নেন। নিঃশর্ত সংলাপের ব্যাপারে খসরু বলেন, ‘আমরা আলোচনা শুরু করার কথা বলেছি। নিশ্চয়ই সেখানে নির্দলীয় সরকারের বিষয়টি প্রাধান্য পাবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী রকিব উদ্দিন, আনিসুল হক, এ কে আজাদ, এম এ কাশেম, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক হারুনুর রশীদ প্রমুখ। বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির, আবদুল আউয়াল মিন্টু, সাবেক বিএনপি সরকারের বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লা প্রমুখ।