বিশ্বের দক্ষিণাংশে অবস্থিত স্বল্পন্নোত দেশগুলোর সব ঋণ দ্রুত ও নিঃশর্তভাবে মওকুফের দাবি জানিয়েছে জুবিলি সাউথের আন্তর্জাতিক সচিবালয়। গতকাল বুধবার সেনেগালের রাজধানী ডাকারে আন্তর্জাতিক সামাজিক ফোরাম ২০১১ থেকে এ দাবি জানানো হয়। গত রোববার বার্ষিক এই ফোরাম শুরু হয়।বেসরকারি সংস্থা, সামাজিক আন্দোলন, সংগঠন, ঋণ মওকুফ আন্দোলন কর্মীদের একটি নেটওয়ার্ক জুবিলি সাউথ। ঋণ মওকুফের দাবিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৪০টি স্বল্পোন্নত দেশের প্রতিনিধিদের নিয়ে এই নেটওয়ার্ক কাজ করছে। গতকাল নেটওয়ার্কের পক্ষ থেকে বেশ কিছু কর্মশালার আয়োজন করা হয়। প্রতিনিধির নেতারা বলেন, বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর ওপর যে ঋণের বোঝা চাপানো হয়েছে, এর বেশির ভাগই বেআইনি ও অবৈধ। বেশির ভাগ ঋণের বোঝা চেপেছে স্বৈরাচারী শাসনামলে। দেশগুলোর ওপর বেশির ভাগ ঋণ চেপেছে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর প্রকল্পের কারণে।এবারের ফোরামে বেশ কয়েকটি স্লোগান জনপ্রিয়তা পেয়েছে—আরেকটি বিশ্ব গড়া সম্ভব; ঋণ দিও না, শোধ করব না; আমাদের বিশ্ব বিক্রির জন্য নয় ইত্যাদি। গত মঙ্গলবার বিকেলে এলডিসি ওয়াচ নামের একটি সংস্থা আরেকটি কর্মশালার আয়োজন করে। ওই কর্মশালায় তুরস্কের ইস্তাম্বুলে আগামী ৯ থেকে ১৩ মে অনুষ্ঠেয় ইউএন এলসিডি-ফোর সম্মেলন নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।