নিঃশর্তে ধর্মঘট প্রত্যাহার
>

*চার মন্ত্রীর সঙ্গে পরিবহন নেতাদের বৈঠক * ৩৯ ঘণ্টার ভোগান্তির অবসান
বলা যায়, সোমবার মধ্যরাত থেকেই শুরু। গতকাল বুধবার দুপুর পর্যন্ত সারা দেশের মানুষ জিম্মি ছিল পরিবহন মালিক-শ্রমিকদের কাছে। যানবাহন আটকে যাত্রীদের হেনস্তা, ব্যক্তিগত গাড়ি ভাঙচুর, রোগীবাহী অ্যাম্বুলেন্সের পথরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সরকারি সম্পদের ক্ষতি—সবই ঘটেছে। শেষ পর্যন্ত নিঃশর্তেই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।

শ্রমিকদের নেতা হিসেবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বেলা আড়াইটার দিকে যানবাহন চালু করার জন্য শ্রমিকদের আহ্বান জানান। এর মাধ্যমে প্রায় ৩৯ ঘণ্টার দুর্বিষহ অবস্থার অবসান হয়। এরপর থেকেই রাজধানী ঢাকায় সীমিতভাবে বাস-মিনিবাস চলতে শুরু করে। পরে ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরের পথেও বাস চলতে শুরু করে।

গতকাল বেলা ১১টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বৈঠক করেন। সেখানেই ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর মতিঝিলে সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে শাজাহান খান, মসিউর রহমান ও এনায়েত উল্যাহ মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠক করে পরিবহন চালু করার ঘোষণা দেন।
শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মসিউর রহমান। আর এনায়েত উল্যাহ এই সংগঠনের মহাসচিব।
গত মঙ্গলবার শাজাহান খান বলেছিলেন, চালকেরা মনে করেছেন, তাঁরা মৃত্যুদণ্ডাদেশ বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশের মতো রায় মাথায় নিয়ে গাড়ি চালাবেন না। তাই তাঁরা স্বেচ্ছায় গাড়ি চালাচ্ছেন না। ধর্মঘট নয়, এটাকে ‘স্বেচ্ছায় অবসর’ বলা যেতে পারে।

মালিক-শ্রমিক সংগঠনগুলোর সূত্র জানায়, ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শাজাহান খানের শ্রমিক ফেডারেশন মুখ্য ভূমিকা পালন করে। আর মসিউর রহমানের মালিক সমিতি এতে সমর্থন দেয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সোমবার রাতে, নৌমন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে। ওই বৈঠকে মালিক-শ্রমিক সংগঠনের প্রায় ৫০ জন নেতা ছিলেন, যাঁদের বেশির ভাগই সরকারপন্থী বলে পরিচিত। সড়ক দুর্ঘটনায় চালকের শাস্তির রায়ের বিরুদ্ধে তাঁরা একটা ‘বার্তা’ দিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেন। কিন্তু ধর্মঘট পালনকারীরা জোরজবরদস্তি, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে সরকার বেকায়দায় পড়ে যায়। সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি জনমতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন—এমন আলোচনা চারদিকে ছড়িয়ে পড়লে নেতারা কিছুটা বিচলিত হয়ে পড়েন। এরপরই সমঝোতার পথ খোঁজা শুরু হয়।

সূত্র জানায়, সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকটি হয়েছে মালিক-শ্রমিক নেতাদের আগ্রহেই। তাঁরা আইনমন্ত্রীকেও সেখানে পেতে চেয়েছিলেন। দুপুর ১২টার দিকে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শাজাহান খান ১১টার দিকেই ওবায়দুল কাদেরের দপ্তরে চলে যান। কয়েক মিনিট দুজনের একান্ত আলোচনার পর অন্যরা যোগ দেন। ওই বৈঠক প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। শাজাহান খান আইনমন্ত্রীর সহায়তা চান। উচ্চ আদালতে আপিল করা হলে আইনমন্ত্রী আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন বলে জানা যায়।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকেই সরকারের শীর্ষমহলের মধ্যে এমন উপলব্ধি হয় যে দুই মন্ত্রী ও সরকার-সমর্থক পরিবহননেতারা ধর্মঘট ডেকে সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। এমনকি শাজাহান খানের প্রত্যক্ষ ইঙ্গিত ছাড়া সারা দেশে এত বড় নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ নেই—এটাও নিশ্চিত হয় সরকার। সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন, চালকের বিরুদ্ধে আদালতে যে সাজার রায় হয়েছে, এর প্রতিবাদে বেপরোয়া হয়ে ওঠার কোনো যুক্তি নেই।

মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটা নীরব দর্শকের ভূমিকায় ছিল। কিন্তু মঙ্গলবার রাতে সরকারের নীতিনির্ধারকদের সবুজ সংকেত পেয়ে পুলিশ আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে শাজাহান খানসহ অন্য নেতারা বিচলিত হয়ে পড়েন।
সরকারি দলের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সময় শাজাহান খান শ্রমিকদের নিয়ে মাঠে ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেন। এ জন্য তাঁর মধ্যে ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’ চলে আসে, যা বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। এই আন্দোলনে সরকারবিরোধীদের ইন্ধন রয়েছে বলেও মনে করেন সরকারের কেউ কেউ।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় ঘাতক বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গত ২২ ফেব্রুয়ারি দেওয়া এই রায়ের প্রতিবাদে প্রথমে আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালকের বিরুদ্ধে গত সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই সারা দেশে ধর্মঘট আহ্বান করা হয়।
একাধিক পরিবহনমালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শাজাহান খানের সায় না থাকলে উত্তেজনার বশে কেউ সারা দেশে ধর্মঘট ডাকার সাহস পেত না। ধর্মঘটের কারণে সাধারণ পরিবহনমালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। চালক-শ্রমিকদের অনেকেরই দৈনিক রোজগারের ওপর জীবন চলে। লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়া সহজ নয়।
সচিবালয়ে চার মন্ত্রীর বৈঠক
আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান ও পরিবহননেতা খোন্দকার এনায়েত উল্যাহর বৈঠকেই ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়। এই বৈঠকের পর দুপুর পৌনে ১২টার দিকে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, ‘এ নিয়ে জনদুর্ভোগ দেখছি। মানুষ কষ্ট পাচ্ছে। এ-সম্পর্কিত মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না। এ জন্য তাঁদের (পরিবহন শ্রমিকনেতাদের) আমি অনুরোধ জানিয়েছি। তবে প্রত্যাহারের একটা নিয়ম আছে। একজন-দুজন তো সিদ্ধান্ত দিতে পারেন না।’
আনিসুল হক বলেন, পরিবহন শ্রমিকনেতাদের কোনো বক্তব্য থাকলে আদালতে বলতে পারেন। আপিল করতে পারেন।
আর নিজ কার্যালয়ে মসিউর রহমান দাবি করেন, পরিবহন ধর্মঘটে একটি রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কিছু মধ্যস্বত্বভোগী ঢুকে এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। শ্রমিকেরা কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়াই ধর্মঘট শুরু করেন। নির্দেশের অপেক্ষা করেননি।
প্রত্যাহারের ঘোষণা
বেলা আড়াইটায় রাজধানীর মতিঝিলের সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাজাহান খান কৌশলে ধর্মঘটের বিষয়টি এড়িয়ে যান। সরাসরি প্রত্যাহারের ঘোষণা না দিয়ে শ্রমিকদের ‘কর্মবিরতি’ শেষ করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘এখন থেকে যানবাহন স্বাভাবিক চলাচলের জন্য আমরা মালিক ও শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি, আমাদের এই আহ্বানের পরিপ্রেক্ষিতে সর্বত্র যানবাহন চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।’
এর মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হলো কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা ধর্মঘট নয়, এটা শুধু কর্মবিরতি, শ্রমিকেরা তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে কাজ বন্ধ রেখেছিলেন।
প্রথম আলোয় প্রকাশিত ‘মন্ত্রীর বাসায় ধর্মঘটের সিদ্ধান্ত’ সম্পর্কে প্রশ্ন করা হলে শাজাহান খান দাবি করেন, সোমবার তাঁর বাসায় বৈঠক করেছিলেন যানবাহন চালানোর জন্য, বন্ধ করার জন্য নয়।
শাজাহান খান আরও বলেন, সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সড়কমন্ত্রী ও আইনমন্ত্রী মালিক-শ্রমিকদের সমস্যা উপলব্ধি করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা আইনগতভাবে সমস্যার সমাধানে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে যান চলাচলের জন্য মালিক-শ্রমিকদের তিনি অনুরোধ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নৌমন্ত্রী বলেন, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বিরুদ্ধে ১২ কোটি ৮৮ লাখ ও গ্রিন লাইন পরিবহনের বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা চলমান। তাঁদের আশঙ্কা, এ দুটি মামলার রায়ও তাদের বিরুদ্ধেই যাবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই তাঁদের এগোতে হচ্ছে।