নিঃসঙ্গ এক চারণকবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন কবি আবদুল গফুর শেখ l ছবি: প্রথম আলো
অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন কবি আবদুল গফুর শেখ l ছবি: প্রথম আলো

‘আমি আর কতকাল কানবোরে দয়াল ভবনদী কূলে
ও তার ঢেউয়ের দোলায় নাচেরে মোর আশা গাছের ফুলে,
নদীর কূলে ঝাউগাছ তলে কেঁদে ভাসাই বুক
কেউতো ফিরে দেখে নাইরে আমার পোড়ামুখ।’
গানের লাইনগুলো আবদুল গফুর শেখের লেখা। গান ও কবিতাই যাঁর ধ্যান-জ্ঞান। এক কবি জলসায় পল্লিকবি জসীমউদ্দীন তাঁকে ‘চারণকবি’ উপাধি দিয়েছিলেন। সেই চারণকবি আজ অসুস্থ অবস্থায় নিঃসঙ্গ, অসহায় দিন কাটাচ্ছেন। অশীতিপর মানুষটি এলাকায় ‘গহের কবি’ বলেও সুপরিচিত। বাড়ি তাঁর নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে।
অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে শুরু হয় তাঁর কবিতা লেখা। এরপর একে একে তিনি গান ও কবিতা লিখতে শুরু করেন। কবি সংসদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও খুলনা বিভাগীয় সভাপতি সৈয়দ হাসমত আলী। তাঁর ভাষায়, ‘কবি প্রায় তিন হাজার কবিতা, ৫০০ গান ও দুটি প্রবন্ধ লিখেছেন। লেখাগুলো সেভাবে সংরক্ষণ করা নেই। কবিয়াল বিজয় সরকার, পল্লিকবি জসীমউদ্দীন, চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল।’
আবদুল গফুর শেখ বলেন, ৫০-৬০ বছর আগে যশোর সাহিত্য সংঘের সম্পাদক অবলাকান্ত মজুমদারের বাড়িতে এক কবি জলসায় তিনি ‘চারণকবি’ উপাধি পান। সেই থেকে এ অঞ্চলের কবি সমাজে তিনি ‘চারণকবি’ বলে পরিচিত।
১১ বছর আগে সহধর্মিণীর মৃত্যুর পর ছোট্ট টিনের ঘরে প্রায় নিঃসঙ্গ অবস্থায় বসবাস করছেন কবি। চার ছেলেমেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। অন্য দুই ছেলে আলাদা থাকেন। ১৯৮১ সাল থেকে সংস্কৃতি মন্ত্রণালয় তাঁকে এক হাজার ৪০০ টাকা কবিভাতা দিচ্ছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন বলেন, ‘তাঁর চিকিৎসার ব্যাপারে অর্থ বরাদ্দের জন্য জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি।’