নিঃসঙ্গ বাদশার পাশে রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা সিংহী বর্ষারানিকে রংপুর চিড়িয়াখানায় সিংহ বাদশার খাঁচার কাছে নামানো হচ্ছে। ছবি: মঈনুল ইসলাম
চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা সিংহী বর্ষারানিকে রংপুর চিড়িয়াখানায় সিংহ বাদশার খাঁচার কাছে নামানো হচ্ছে। ছবি: মঈনুল ইসলাম

প্রায় ছয় বছর নিঃসঙ্গ ছিল বাদশা। সেই পালা এবার শেষ হলো। পাশে পেল রানিকে। রংপুর চিড়িয়াখানায় থাকা বাদশা নামের সিংহের কাছে সাড়ে পাঁচ শ কিলোমিটার দূরের দক্ষিণের জেলা চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে বর্ষারানি নামের সিংহীকে। এখন তারা একই খাঁচায়।

আজ মঙ্গলবার এই সিংহ-সিংহীকে দেখতে চিড়িয়াখানায় উৎসুক দর্শনার্থীদের ভিড় জমেছিল। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রংপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয় আনুমানিক দুই বছর বয়সী সিংহী বর্ষারানিকে।

রংপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, এখানে প্রায় ছয় বছর থেকে রাজা-বাদশা নামে দুটি সিংহ রয়েছে। তাদের কোনো সঙ্গিনী ছিল না। অন্যদিকে চট্টগ্রাম চিড়িয়াখানাতেও বর্ষারানি ও ঝর্ণারানি নামে প্রায় দুই বছর বয়সী দুটি সিংহী ছিল। তাদেরও কোনো পুরুষ সঙ্গী ছিল না। বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে জানানো হলে তারা দুই চিড়িয়াখানার সিংহ-সিংহী বিনিময়ের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বিকেলে চট্টগ্রাম থেকে সিংহী বর্ষারানিকে রংপুরে নেওয়া হয়। এখন থেকে সিংহী বর্ষারানি বাদশার সঙ্গেই থাকবে। একইভাবে আজ রংপুর থেকে রাজা নামের সিংহটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।

চিড়িয়াখানায় সরেজমিনে দেখা যায়, সিংহ বাদশা ও সিংহী রানিকে একই লোহার খাঁচায় রাখা হয়েছে। এই খাঁচার মাঝখানে একটি দরজা রয়েছে। এই দরজা দিয়ে তারা যাওয়া-আসা করতে পারবে। তবে মাঝের দরজা এখনো বন্ধ রাখা হয়েছে। দরজা বন্ধ থাকায় তাদের মাঝে এখনো সখ্য গড়ে ওঠেনি।

রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, বাদশা-রানির একসঙ্গে হতে কিছুটা সময় লাগবে। রাতে দরজা খুলে দেওয়া হবে। কর্তৃপক্ষ আশা করছে, এই জুটি শিগগিরই তাদের আগামী বংশধর জন্ম দেবে। সেই সঙ্গে চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যাও অনেক বেড়ে যাবে।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর চিকিৎসক মোশারফ হোসেন বলেন, সিংহী বর্ষারানির আগমনে সোমবার সকাল থেকেই উৎসুক দর্শনার্থীরা অপেক্ষা করছিলেন।