নিঃসঙ্গ মা, নৃশংস খুন
ছয় ছেলেমেয়ের মা আনোয়ারা খাতুন (৬৫)। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে আর তিন ছেলে থাকেন যুক্তরাজ্যে। স্বামী মারা গেছেন অনেক আগেই। থাকতেন বাড়িতে একা। গতকাল সোমবার সকাল নয়টার পরও তাঁর ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করে। কিন্তু সাড়া পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রক্তাক্ত লাশ ও রক্তমাখা দা পড়ে আছে ঘরের মেঝেতে।সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়কান্দি ইউনিয়নের কাজিরখলা গ্রামে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সম্পত্তি দখলের জন্যই দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন নিহত আনোয়ারার মেয়ে।পুলিশ সূত্র জানায়, আনোয়ারার কক্ষে একটি পুরোনো সিন্ধুক ছিল। সেটি তছনছ অবস্থায় পাওয়া গেছে। তাঁর গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন ছিল। লাশ মেঝেতে পড়েছিল এবং রক্তমাখা দা পড়েছিল পাশেই। আলামত দেখে ধারণা করা হচ্ছে, লাশ উদ্ধার করার অন্তত পাঁচ ঘণ্টা আগে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত আনোয়ারার বড় মেয়ে আইনজীবী জাহানারা বেগম জানান, ১৯৮৩ সালে তাঁর বাবা মস্তান মিয়া মারা যান। এর পর থেকে সম্পত্তি নিয়ে প্রতিবেশী একটি পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। তাঁদের তিন বোনের বিয়ে হয়ে যাওয়ায় এবং তিন ভাই যুক্তরাজ্যে থাকায় বাড়িতে একা থাকতেন মা আনোয়ারা। স্বামীর ভিটে ছেড়ে তিনি কোথাও যেতে চাইতেন না তিনি। এ জন্য বাড়িটি সংস্কার করে তাঁর থাকার উপযোগী করে দিতে গত শুক্রবার একটি অংশ ভাঙা হয়। ওই ভাঙা অংশ দিয়ে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাঁকে খুন করেছে বলে মনে হচ্ছে।জাহানারা আরও জানান, তাঁর মাকে দেখভাল করার জন্য সেলিনা বেগম নামের একজন গৃহপরিচারিকা বাড়িতে ছিলেন। ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখনো মামলা হয়নি। তবে সম্পত্তি নিয়ে পূর্বশত্রুতা থেকে এ ঘটনা ঘটতে পারে উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের মেয়ে জাহানারা বেগম। তিন প্রতিবেশীকে থানায় এনে জিজ্ঞাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। গৃহপরিচারিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।