নিঃসঙ্গতা কাটল বাদশা-রানির
প্রায় ছয় বছর নিঃসঙ্গ থাকার পর এক রানিকে কাছে পেল বাদশা। সাড়ে ৫০০ কিলোমিটার দূরের পথ চট্টগ্রাম থেকে রংপুরে নিয়ে আসা হলো এই রানিকে। বাদশা-রানি এখন একই খাঁচায়।
গত সোমবার বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রংপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয় দুই বছর বয়সী সিংহীকে। তার নাম বর্ষা। গতকাল মঙ্গলবার এই সিংহীকে দেখতে দর্শনার্থীদের ভিড় লেগেছিল রংপুর চিড়িয়াখানায়।
রংপুর চিড়িয়াখানা সূত্র জানায়, সেখানে প্রায় ছয় বছর ধরে রাজা ও বাদশা নামে দুটি সিংহ রয়েছে। তাদের কোনো সঙ্গিনী ছিল না। অন্যদিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় ছিল বর্ষা ও ঝর্না নামে দুটি সিংহী। তাদেরও কোনো পুরুষসঙ্গী ছিল না। বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে জানানো হলে তারাই দুই চিড়িয়াখানার সিংহ-সিংহী বিনিময় করার সিদ্ধান্ত নেয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকেলে চট্টগ্রাম থেকে সিংহী বর্ষাকে নিয়ে রংপুরে পৌঁছান কর্মকর্তারা। এখন থেকে রানি থাকবে বাদশার সঙ্গে। একইভাবে গতকাল রংপুর থেকে রাজা নামের সিংহকে চট্টগ্রামের চিড়িয়াখানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাদশা ও রানিকে একই লোহার খাঁচায় রাখা হয়েছে। এই খাঁচার মাঝখানে রয়েছে একটি দরজা। ওই দরজা দিয়ে তারা উভয়ই যাওয়া-আসা করতে পারবে। তবে মাঝখানের কপাট এখনো বন্ধ রাখা হয়েছে।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর চিকিৎসক মোশারফ হোসেন বলেন, বর্ষার আগমনে সোমবার সকাল থেকে উৎসুক দর্শনার্থীরা অপেক্ষা করছিল। বাদশা-রানির যুগলবন্দি দেখতে ভবিষ্যতেও দর্শনার্থীদের ভিড় থাকবে।