নিঃসঙ্গতার ২৮ বছর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘আমছাড়া’ খালের ওপরকার সেতুটি নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে ২৮ বছর ধরে। এটির ওপর দিয়ে মানুষ বা যানবাহনের কিছুই চলে না। এমনও নয় যে সেতুটি ঝুঁকিপূর্ণ। মজবুত তিনটি পিলারের ওপর ততোধিক মজবুত সেতুটি টিকে আছে। শুধু সংযোগ সড়কের অভাবে সেতুটির এই নিঃসঙ্গতা।
উপজেলার জাবরহাট ইউনিয়নের খাড়িপাড়া গ্রামের আমছাড়া খালের ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। ১৯৬৭-৬৮ অর্থবছরে ৭২ হাজার টাকা ব্যয়ে ৩৪ ফুট দীর্ঘ এবং ১০ ফুট চওড়া এই সেতুটি নির্মাণ করা হয়। তখন সেতুর দুই পাশে সংযোগ সড়কও করা হয়েছিল।
পীরগঞ্জ উপজেলার জাবনহাট ইউনিয়নের খাড়িপাড়া গ্রামের নাসির উদ্দীন আহমেদ (৬৫) বলেন, ১৯৬৮ সালের বন্যায় সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক প্রথমবারের মতো ধসে যায়। স্বাধীনতার পর তৎকালীন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সড়ক মেরামত করে সেতুটি আবার চলাচলের যোগ্য করা হয়। কিন্তু ১৯৮৬ সালের বন্যায় সেতুর পাশের রাস্তা আবারও ভাঙে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবারও মেরামত করা হয়। কিন্তু ১৯৮৭ সালের প্রবল বন্যায় দুই প্রান্তের সড়ক একেবারে বিলীন হয়ে যায়। তারপর থেকেই সেতুটির এই দশা।
জাবরহাট ইউপি সদস্য আইয়ুব আলী, খাড়িপাড়া গ্রামের আবদুল জলিল, কর্ণাই গ্রামের সুজাত আলী ও জাবরেপাড়া গ্রামের জিংকু মুরমু জানান, খালের ওপরের সেতুটি থেকে প্রায় ৩০০ গজ দূরেই টাঙ্গন নদের মহালীঘাট। নৌকায় নদ পার হয়ে এ সেতুর ওপর দিয়েই পীরগঞ্জ ও দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করতেন। সেতুর এক প্রান্তে রয়েছে পীরগঞ্জের জাবরহাট, খাড়িপাড়া, জাবরেপাড়া, গেওড়াডাঙ্গী, কর্ণাই বাঁশপাড়া, ফুটানি টাউন, দারগাপাড়া। সেতুর অপর প্রান্তে কিছুটা গেলেই টাঙ্গন নদের ওপারে বোঁচাগঞ্জের সাদামহল, বনগাঁও, সেগুনবাড়ি, কাটাবাড়িসহ আরও আট গ্রাম। এসব গ্রামের ১৪-১৫ হাজারের বেশি লোক সেতুটির সংযোগ সড়ক না থাকায় ভুগছেন। তাঁরা জমির আইল, মাঠ কিংবা লোকজনের বাড়ির ওপর দিয়ে যাতায়াতের কাজ চালাচ্ছেন। ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ২৮ বছর ধরে কেউ আর সেতুটির খোঁজ নেয় না।
জাবরহাট ইউপি চেয়ারম্যান আবদুস সবির বলেন, ‘সেতুটি এখনো এমনিতে যথেষ্ট মজবুত। শুধু সংযোগ সড়কের অভাবে এর ওপর দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘সংযোগ সড়ক তৈরির জন্য অনেক টাকা দরকার। ইউনিয়ন পরিষদের পক্ষে এত টাকা বরাদ্দ দেওয়া সম্ভব না। তাই আমি ওই সেতুর দুই প্রান্তের সড়কের জন্য সাবেক সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীকে প্রস্তাব দিয়েছি। এখনো সাড়া পাইনি।’
পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী তাজমিল খান বলেন, ‘আমি এলজিইডির ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মাসিক সমন্বয় সভায় গত বছরের সেপ্টেম্বর মাসে আমছাড়া সেতুর বিষয়টি তুলে ধরেছিলাম। আবারও খোঁজ খবর নিয়ে সেতুর জন্য সড়ক নির্মাণের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে পরের পদক্ষেপ নেওয়া হবে।’
পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ‘আমছাড়া সেতুর দুই প্রান্তে রাস্তা নির্মাণ করা হলে দুই উপজেলার ১৫-১৬টি গ্রামের অধিবাসীরা উপকৃত হবে। সড়ক নির্মাণে অনেক টাকার দরকার। আমি এ রাস্তা নির্মাণে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদের সহায়তা চেয়ে আবেদন জানাব।’