
হালদা নদীর গর্ভে বসতভিটা বিলীন হওয়ার পর প্রায় এক মাস কেটে গেলেও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর গ্রামের সাত পরিবারের পুনর্বাসন হয়নি। আপাতত আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় দিন কাটছে তাঁদের।
পশ্চিম সুন্দরপুর গ্রামের আব্দুল নবী, আব্দুস সাত্তার, খলিলুর রহমান, নুরুল ইসলাম, মোহাম্মদ জসিম, মোজাহার মিয়া, আজিজুল হকের বসতভিটা গত ৩০ জুলাই হালদার ভাঙনে বিলীন হয়ে যায়। নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে আরও শতাধিক পরিবার।
সম্প্রতি ওই গ্রামে গেলে নদীর ভাঙনে ঘর হারানো পঞ্চাশোর্ধ্ব নুরজাহান বেগম বলেন, সেদিনের কথা ভুলতে পারিনি এখনো। ঘরের দেয়ালে প্রথমে হঠাৎ দেখা দেয় ফাটল, এরপর কয়েক ঘণ্টার মধ্যেই পুরো বাড়ি ধসে পড়ে নদীতে।
ঘরবাড়ি হারানো মানুষজন সহায়-সম্পদ সবই হারিয়েছেন। ফাতেমা খাতুন, মোছাম্মৎ খদবানু, ছখিনা বেগমসহ কয়েকজন নারী বলেন, অন্যের ঘরে রাত যাপন করছেন তাঁরা। এভাবে কত দিন অন্যের বাড়িতে থাকা যাবে জানেন না তাঁরা।
ভাঙনকবলিত এলাকার মানুষজন বলেন, নদীর একটি বাঁকের কারণে পানির স্বাভাবিক স্রোত বাধা পাচ্ছে। এই বাঁক কেটে দিলে পানিপ্রবাহ স্বাভাবিক হবে, পাশাপাশি ভাঙন থেকে রক্ষা পাবে গ্রামবাসী।
স্থানীয় সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহনেওয়াজ চৌধুরী বলেন, ভাঙনকবলিত এলাকা সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি পরিদর্শন করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় প্রথম আলোকে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষজনকে পুনর্বাসিত করার চেষ্টা চলছে। কোথাও সরকারি খাস জায়গা পেলে তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, হালদা নদীর ফটিকছড়ি অংশে বেড়িবাঁধ নির্মাণ, ব্লক স্থাপনসহ ভাঙনরোধে ২৭০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে পুরোদমে কাজ শুরু হবে।