দেশে ও দেশের বাইরে অপরিকল্পিত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নদীপারের মানুষের জীবন-জীবিকায় করুণ পরিণতি সৃষ্টি করছে। এতে নদীকেন্দ্রিক জীবন ও সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। উদ্বাস্তুর সংখ্যার পাশাপাশি সামাজিক সমস্যা বাড়ছে।
নদী আর নদীতীরের মানুষের জীবন নিয়ে রচিত ও অ্যাকশনএইডের প্রকাশনা পিপল অব ম্যানি রিভারস-টেলস্ ফ্রম দ্য রিভার ব্যাংকস বইতে এমন ছবি উঠে এসেছে। নদী ও নদী-তীরবর্তী মানুষের জীবনযাত্রা নিয়ে গবেষণার অংশ হিসেবে অ্যাকশনএইড বইটি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সহায়তায় প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বইটির প্রকাশনা অনুষ্ঠান করে অ্যাকশনএইড বাংলাদেশ।
বইটির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘নদীপারের মানুষের জীবনের গল্প সংগ্রহ করতে গিয়ে আমরা দেখেছি, ভাঙনসহ নানা কারণে একটি মানুষকে ২০ বারের মতো উদ্বাস্তু হতে হয়েছে। আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা নদীর ওপর নির্ভরশীল। দেশীয় এবং আন্তর্জাতিক অপরিকল্পিত উন্নয়ন ধারা ও উদ্যোগসহ নানা কারণে নদীপারের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অনেক নদী মরে যাচ্ছে আমাদের কর্মকাণ্ডের কারণে। যার প্রভাব পড়ছে নদীপারের মানুষের ওপর। সব জেনেও এমন কাজ করি, যার ফলে নদী ক্ষতিগ্রস্ত হয়। নদীভাঙন একটি নীরব ক্যানসারের মতো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি নদীভাঙন ঠেকাতে। নদীভাঙন, পানিদূষণ, জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানির উচ্চতা বৃদ্ধির কারণে মানুষ সব হারাচ্ছে। তাই এসব মানুষকে রক্ষায় সরকার একটি বড় প্রকল্প হাতে নিচ্ছে।’