নিউ এজ-এর বিরুদ্ধে রুলের পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিরুদ্ধে আদালত অবমাননা রুলের পরবর্তী শুনানি হবে ২০ ডিসেম্বর। মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এই দিন ধার্য করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল দ্বিতীয় দিনের মতো ওই আদালত অবমাননা রুলের শুনানি হয়। নিউ এজ-এর প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান এবং প্রতিবেদক ডেভিড বার্গম্যানের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বক্তব্য উপস্থাপন শেষ করেন। পরে সম্পাদক নূরুল কবির নিজেই তাঁর বক্তব্য উপস্থাপন শুরু করেন।নূরুল কবির বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বস্তরের মানুষের দাবি। এই বিচার-প্রক্রিয়াকে বিতর্কমুক্ত রাখার জন্য ওই প্রতিবেদন ছাপানো হয়েছে, আদালতকে অবমাননা করার জন্য নয়।ট্রাইব্যুনাল এ সময় বলেন, ডেভিড বার্গম্যান একজন খ্যাতিমান সাংবাদিক, কিন্তু জাতিতে ব্রিটিশ। তাঁর লেখায় তাঁর সমাজের ধ্যান-ধারণার ছাপ থাকবে। কিন্তু সেটা ব্রিটিশ সমাজের জন্য উপযোগী হলেও এ দেশে অনেকের কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে। ট্রাইব্যুনাল এ জন্য বার্গম্যানের প্রতিবেদন ও নিবন্ধ সম্পাদনার সময় বাঙালি ধ্যান-ধারণা বিবেচনায় রাখার জন্য নূরুল কবিরকে পরামর্শ দেন। ট্রাইব্যুনাল এ সময় আরও বলেন, ‘আদালতকে সমালোচনার ভাষা এমন হওয়া উচিত নয়, যাতে আদালত আহত বোধ করেন।’বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে নূরুল কবির তাঁর বক্তব্যের পক্ষে নানা যুক্তি উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপন অসম্পূর্ণ থাকা অবস্থায় ট্রাইব্যুনাল ২০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।গতকাল শুনানির সময় এজলাসকক্ষে উপস্থিত ছিলেন মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন হামিদা হোসেন, অধ্যাপক রেহনুমা আহমেদ, আইনজীবী সারা হোসেন প্রমুখ।গত ২ অক্টোবর নিউ এজ-এর সম্পাদকীয় পাতায় ‘অ্যা ক্রুশিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শীর্ষক একটি রচনা ছাপা হয়। লেখাটি কেন ট্রাইব্যুনালের জন্য অবমাননাকর নয়, এর কারণ দর্শানোর জন্য ৩ অক্টোবর ট্রাইব্যুনাল রুল জারি করেন।