মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ইংরেজি দৈনিক নিউ এজ-এ প্রকাশিত বিশেষ প্রতিবেদনের একটি অংশ আদালতের জন্য ‘অত্যন্ত অবমাননাজনক’ বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল। এ জন্য পত্রিকাটির সম্পাদক ও প্রতিবেদককে ‘সর্বোচ্চ সতর্ক’ করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার নিউ এজ-এর বিরুদ্ধে আদালত অবমাননা রুলের নিষ্পত্তি করে এ আদেশ দেন। নিউ এজ-এর প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান, সম্পাদক নুরুল কবির ও প্রতিবেদক ডেভিড বার্গম্যান গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, আদালতের কার্যক্রমের সমালোচনার সময় বিবেচনা করতে হবে, সেটি গঠনমূলক না অসংযত সমালোচনা। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিষয়ে ডেভিড বার্গম্যানের লেখা ওই প্রতিবেদনের একটি অংশ ট্রাইব্যুনালের ভাবমূর্তিকে মারাত্মক ক্ষুণ্ন করেছে। তবে ট্রাইব্যুনাল মনে করেন, বিচারকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই প্রতিবেদন লেখা হয়নি। ট্রাইব্যুনাল নুরুল কবির ও বার্গম্যানের পেশাগত অভিজ্ঞতা বিবেচনা করে তাঁদের সর্বোচ্চ সতর্ক করে দেন।প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিষয়ে আদেশে বলা হয়, প্রতিবেদন লেখা, সম্পাদনা বা প্রকাশ হওয়া, কোনোটির সঙ্গে তিনি জড়িত ছিলেন না। কারণ ওই সময় তিনি বিদেশে ছিলেন।গত বছর ১ অক্টোবর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন প্রসঙ্গে নিউ এজ পত্রিকায় ‘এ ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শীর্ষক ডেভিড বার্গম্যানের মন্তব্য প্রতিবেদন ছাপা হয়। ৩ অক্টোবর ট্রাইব্যুনাল পত্রিকাটির প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে রুল জারি করেন।