নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডির জামিন বাতিল
বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মান্নান তালুকদারের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাঁকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মান্নান তালুকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলছে।
একই মামলায় আরেক আসামি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুর রহমানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
আদালতে আবদুল মান্নান তালুকদারের পক্ষে আইনজীবী আশরাফ আলী ও আনিসুর রহমানের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও আসিফ হাসান।
আইনজীবী সূত্রে জানা যায়, ওই মামলায় গত বছরের ১৫ জানুয়ারি হাইকোর্ট আবদুল মান্নানের জামিন মঞ্জুর করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে, যেটির আজ শুনানি হয়। একই মামলার অপর আসামি আনিসুর রহমান গত বছরের অক্টোবরে হাইকোর্ট থেকে জামিন পান। পরে জামিনে মুক্তি পান তিনি। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে, যার শুনানি নিয়ে গত ২৫ এপ্রিল আপিল বিভাগ আনিসুরের জামিন স্থগিত করে তাঁকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। পরে আনিসুর আত্মসমর্পণ করেন। তাঁর ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল আজ শুনানির জন্য ওঠে। পৃথক আবেদনের ওপর একসঙ্গে শুনানি নিয়ে আজ আদেশ দেওয়া হয়।
২০১৯ সালের ৩০ মে দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বাগেরহাট সদর মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদার ও চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা ৫৮ পয়সার অবৈধ সম্পদ অর্জন, অপরাধলব্ধ আয় স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটি গড়ে তোলার পর গ্রাহকদের প্রতি লাখে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রলোভনে বাগেরহাট, খুলনাসহ বেশ কয়েকটি জেলার অন্তত ২০ হাজার গ্রাহকের কাছ থেকে অন্তত ২৯৯ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়, যা ব্যাংকিং আইনের পরিপন্থী বলে বলা হয়।