দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের জাজিরা মৌজার মোল্লারহাট এলাকার ৫০০ বিঘা ফসলি জমি অবৈধভাবে ভরাট করার চেষ্টার অভিযোগে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার সকালে মোল্লারহাট বাজারে তিন শতাধিক জমির মালিক ‘নিউ ভিশন সিটি’ নামের একটি আবাসন কোম্পানির বিরুদ্ধে এ বিক্ষোভ করে।জমির মালিক জাহাঙ্গীর আলম (৪০) জানান, জাজিরা মৌজায় তাঁদের প্রায় পাঁচ বিঘা পৈতৃক সম্পত্তি আছে। কিন্তু নিউ ভিশন সিটি নামের একটি আবাসন কোম্পানি কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. শাহিন আহমেদের সহযোগিতায় জোর করে তাঁদের জমি ভরাটের চেষ্টা করছে। এর প্রতিবাদ করায় পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। জমির অপর মালিক হাজি ইনসান (৫২) বলেন, ‘গ্রামবাসীর জমি ভরাটে বাধা দেওয়ায় নিউ ভিশন সিটির লোকজন আমাদের হুমকি দিচ্ছে।’ কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. শাহিন আহমেদ বলেন, ‘জমির মালিকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’নিউ ভিশন সিটির পরিচালক (বিপণন) মো. বেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জাজিরা মৌজায় কোম্পানির কেনা প্রায় ৫০০ বিঘা নিচু জমি রয়েছে। আমরা আমাদের জমি ভরাটের জন্য ড্রেজার লাগানোর চেষ্টা করেছি। অন্যের জমি ভরাটের প্রশ্নই আসে না।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, জমি ভরাটের চেষ্টার অভিযোগে মোল্লারহাট এলাকার লোকজন বিক্ষোভের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।