নিউ মুরিং টার্মিনালের অপারেটর নিয়োগের উদ্যোগের তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদেশি একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য তড়িঘড়ি করে তৈরি করা দরপত্রে দেশীয় কোনো প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়নি।এই অনিয়মের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিনের জড়িত থাকার অভিযোগ উঠেছে দাবি করে নৌপরিবহন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে। এর আগে জেনারেল মতিনের বিরুদ্ধে আরও তিনটি অভিযোগ তদন্ত করছে এ সংসদীয় কমিটি।কমিটির সভাপতি নুর-এ-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, কমিটি জেনারেল মতিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্ত করে দেখছে। নিউ মুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের পক্ষ থেকে করা আবেদনের ভিত্তিতে সংসদীয় কমিটি বিষয়টি খতিয়ে দেখছে বলে দাবি করেন তিনি।অভিযোগে বলা হয়, নিউ মুরিং কনটেইনার টার্মিনালের কাজে যাতে কোনো দেশীয় প্রতিষ্ঠান অংশ নিতে না পারে, তার সব আয়োজন সম্পন্ন করে গিয়েছিলেন এম এ মতিন। এ কাজে তাঁকে সহায়তা করেছেন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দরের কিছু উত্সাহী কর্মকর্তা। দরপত্রের শর্ত এমনভাবে নির্ধারণ করা হয়েছিল, যাতে কোনো দেশীয় প্রতিষ্ঠান অংশ নিতে না পারে।চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী অ্যাসোসিয়েশনের নেতা চৌধুরী মারুফ আহমেদ সংসদীয় কমিটিতে পাঠানো অভিযোগে বলেছেন, টার্মিনালটি পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য এসওটির ভিত্তিতে অপারেটর নিয়োগে প্রাক-যোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হয় ২০০৮ সালের ২৫ আগস্ট। ওই প্রকল্পের জন্য দেশি-বিদেশি মিলে মোট ৪৭টি প্রতিষ্ঠান দরপত্র কেনে। কিন্তু দরপত্রের শর্তের কারণে কোনো দেশীয় কোম্পানি এ কাজের জন্য যোগ্য হয়নি। মূল্যায়ন কমিটি মাত্র চারটি বিদেশি প্রতিষ্ঠানকে এ কাজের জন্য যোগ্য বলে প্রাথমিক মতামত দিয়েছে। দেশীয় বিনিয়োগকারীরা কমিটিকে জানান, টার্মিনালটি পরিচালনার জন্য তাঁদের প্রয়োজনীয় দক্ষতা ও আর্থিক সামর্থ্য আছে। বিতর্কিত দরপত্রটি বাতিল করে দেশীয় উদ্যোক্তাদের দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দিলে দেশের অর্থ দেশেই থাকবে।