নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলে সন্ত্রাসীদের হামলা
নতুন ব্যবস্থাপনা পরিষদের দায়িত্ব নেওয়ার এক দিন পর গতকাল সোমবার নারায়ণগঞ্জের গোদনাইলে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের নগরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে গোদনাইল পানি পরিশোধনাগার এলাকায় সন্ত্রাসীরা বাধা দেয়। পরে তাঁদের ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি দাবি করেছে, মিলের যেসব অংশীদার (শেয়ারহোল্ডার) তাঁদের অংশ নতুন ব্যবস্থাপনা পরিষদের কাছে হস্তান্তর করেননি, তাঁদের ওপর এ হামলা হয়েছে। সরকারি গেজেট ও হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কারখানার পরিচালক মনির হোসেন মোল্লার নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা করে। তিনি কারখানার চেয়ারম্যান ও নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লার ছোট ভাই।
কমিটি অভিযোগ করে, হামলাকারীরা সকাল সাড়ে ১০টার দিকে কারখানা চত্বরে ঢুকে পূজামণ্ডপ কমিটির দপ্তর সম্পাদক বিদ্যুৎ সরকার ওরফে মিঠুকে তাঁর বাসা থেকে ধরে নিয়ে নির্যাতন করে। তাঁকে উদ্ধার করতে পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক দীপু চন্দ্র সরকার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁকেও মারধর করে। এরপর তাঁরা কারখানার ১১ নম্বর গেট বন্ধ করে দেন। এ ঘটনার কিছু সময় পর মনির হোসেন মোল্লার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। যেসব অংশীদার তাঁদের অংশ এখনো জয়নাল আবেদীন মোল্লার কাছে হস্তান্তর করেননি, তাঁদের পরিবারের সদস্যদের ওপর ওই হামলা হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আজিমুল আহসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় ব্যবহূত ২১টি ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ চলে যাওয়ার পর সন্ত্রাসীরা এক অংশীদারের বাসায় ভাঙচুর করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, কারখানায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তিনি অস্ত্র উদ্ধারের কথা অস্বীকার এবং ঘটনা বড় নয় বলে দাবি করেন। জয়নাল আবেদীন মোল্লা ও মনির হোসেন মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
স্থানীয় দুই সাংসদ নাসিম ওসমান ও শামীম ওসমানের উপস্থিতিতে গত রোববার এক বৈঠকে নতুন ব্যবস্থাপানা পরিষদের কাছে মিল পরিচালনার দায়িত্বভার হস্তান্তর করা হয়। এরই মধ্যে নিট কনসার্নের মালিকপক্ষ ৫১০ অংশীদারের মধ্যে ৪৬৮টি অংশীদারি কিনে কারখানার স্থাবর সম্পদ ভাঙার কাজ শুরু করেছেন।