নিউইয়র্ক গেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার রাত সাড়ে নয়টায় আমিরাত এয়ারওয়েজের একটি বিমানযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছেন। তিনি সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দেবেন।
বিমানবন্দরে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। তিনি আট দিনের সফর শেষে ২৯ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর মূল সফরসঙ্গী ৯১ জন। এ ছাড়া ৪১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও তাঁর সঙ্গে গেছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ছাড়াও আছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ, মঈন উদ্দীন খান বাদল প্রমুখ।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন। একই দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করবেন। ২৪ সেপ্টেম্বর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।