নিউইয়র্ক স্টেটে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন পরিষদের উচ্চতর কক্ষ বা সিনেট এক সর্বসম্মত প্রস্তাবে এই রাজ্যে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। এ দিবসটি পালনে জাতিসংঘের যে ঘোষণা রয়েছে, নিউইয়র্ক স্টেটের সিনেট প্রস্তাব তার সম্পূরক।
দিবসটির গুরুত্বের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহারের ঘোষণা দিয়েছে। ২২ ফেব্রুয়ারি সকালে নিউইয়র্কের বাঙালি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের পোস্ট অফিসে বাংলাদেশ সরকারের শীর্ষ নেতাদের উদ্দেশে প্রেরিত ১০টি চিঠিতে আনুষ্ঠানিকভাবে এই সিলমোহর ব্যবহার করা হবে। নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের অনুরোধে সিনেটের প্রস্তাব ও ডাক বিভাগের সিলমোহর ব্যবহারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এদিকে নিউইয়র্কে মুক্তধারার ব্যবস্থাপনায় সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার একুশের প্রথম প্রহরের সময়সীমা মাথায় রেখে ২০ ফেব্রুয়ারি বেলা ১টা ১ মিনিটে এই শহরে একুশ স্মরণে স্থাপিত ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। নিউইয়র্ক স্টেটের গভর্নর এন্ড্রু কুওমো ও নিউইয়র্ক সিটির মেয়র বিল দি ব্লাজিওর প্রতিনিধি ফুল দিতে আসবেন বলে নিশ্চিত করেছেন। এ ছাড়া নিউইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্টিংগার ও কুইন্স বরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কাৎজ তাদের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন।