নিউইয়র্কে তন্বী নন্দিনীর উপন্যাস প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একজন বাংলাদেশি-আমেরিকান লেখককে স্বাগত জানাল নিউইয়র্ক। মঙ্গলবার সন্ধ্যায় ব্রুকলিনের গ্রিনলাইট বুকস্টোরে প্রায় এক শ আগ্রহী পাঠক-শ্রোতার উপস্থিতিতে তন্বী নন্দিনী ইসলামের প্রথম উপন্যাস ব্রাইট লাইনস-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো। গ্রন্থটির প্রকাশক পেঙ্গুইন বুকস।
২০০৪-এর ব্রুকলিনের পটভূমিতে একটি বাংলাদেশি-আমেরিকান পরিবার ও প্রতিবেশীদের নিয়ে গড়ে ওঠা এই উপন্যাসের একটা বড় অংশজুড়ে রয়েছে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি। লেখকের নিজের ভাষ্য অনুযায়ী, এই গ্রন্থ নিউইয়র্ক শহরের গল্প, যেখানে অনুসন্ধান করা হয়েছে বহু বর্ণ ও জাতিভিত্তিক এই মহানগরে একদল দক্ষিণ এশীয় মুসলমান তাদের প্রতিবেশীদের সঙ্গে দৈনন্দিন সংযোগের মাধ্যমে কীভাবে নিজেদের স্থান খুঁজে নেয় ও নিজেদের আত্মপরিচয় নির্ণয়ে প্রবৃত্ত হয়। প্রকাশনা অনুষ্ঠানে লেখক নিজ বই থেকে অংশবিশেষ পড়ে শোনান ও শ্রোতা-দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশি পিতা-মাতার সন্তান তন্বীর জন্ম ও বেড়ে ওঠা নিউইয়র্ক শহরে। প্রায় ১০ বছর ধরে এই উপন্যাসের পেছনে তিনি পরিশ্রম করেছেন। যেহেতু এই গ্রন্থের একটা গুরুত্বপূর্ণ অংশে রয়েছে বাংলাদেশ ও তার মুক্তিযুদ্ধের ইতিহাস, তন্বী সে ইতিহাস নিয়ে গবেষণার জন্য বারবার পিতা-মাতার জন্মস্থানে ফিরে গেছেন। দর্শকদের প্রশ্নের জবাবে তন্বী জানান, বাংলাদেশ তাঁর জন্য গভীর আনন্দের ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। সিলেটে চা-বাগানে, কক্সবাজারে সমুদ্রতটে অথবা যাত্রীবোঝাই বাসে চেপে তিনি যেমন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন, তেমনি দেশের কর্মঠ মানুষের জীবনচারিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। ‘আমি বাংলাদেশি, এ কথা বলতে আমার ভালো লাগে,’ তন্বী জানান। ব্রাইট লাইনস তন্বী নন্দিনী ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস।