ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত শনিবার প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়া এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)।
প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি জানান, নীলাদ্রি হত্যার প্রতিবাদে প্রবাসীরা নগরের জ্যাকসন হাইটসে শনিবার প্রতিবাদ সমাবেশ করেন। প্রবীণ সাংবাদিক মহাম্মদ উল্লাহ, বেলাল বেগ, মমতাজ শাহনাজ, শুবল দেবনাথ, গোপাল স্যানালসহ সাংবাদিক, সংস্কৃতিকর্মীরা এ সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তচিন্তার লোকজনকে একের পর এক হত্যার পরিণামে বাংলাদেশ ক্রমশ একটি মধ্যযুগীয় দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এসব হত্যাকাণ্ড বন্ধ করতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।
এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের এক মুখপাত্র এক বিবৃতিতে নীলাদ্রি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশে এ ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব। তিনি নীলাদ্রিসহ অন্য ব্লগারদের হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত শনিবার ইইউর এক বিবৃতিতে বলা হয়, ‘হামলাকারীদের উদ্দেশ্য পরিষ্কার। তারা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু ইতিহাস থেকে আমরা জানি, বাংলাদেশের মানুষ ভয়ভীতি গ্রাহ্য করে না।’
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইএফজের বিবৃতিতে নীলাদ্রি হত্যার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর অব্যাহত এ ধরনের হামলা বন্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।