নিউইয়র্কে ২৪ মে থেকে ৩ দিনের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিন দিনের বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রখ্যাত লেখক ও শিল্পীরা যোগ দেবেন।

এবারের বইমেলার আহ্বায়ক জামাল উদ্দীন হোসেনের সভাপতিত্বে মেলার সর্বশেষ আয়োজন নিয়ে গত ১৪ মে জ্যাকসন হাইটসে সভা হয়। মেলায় বাংলাদেশ থেকে প্রথমা প্রকাশন, আগামী প্রকাশনী, অনন্যা, সময় প্রকাশন, বিদ্যা প্রকাশ, শিখা প্রকাশনী, বাংলাপ্রকাশ, স্টুডেন্ট ওয়েজ, নজরুল ইনস্টিটিউট এবং পশ্চিমবঙ্গ থেকে আনন্দ পাবলিশার্স, সাহিত্যম, পত্রভারতী ও বিশ্বভারতী যোগ দিচ্ছে। নিউইয়র্কের মুক্তধারা ও লেবু ভাই ফাউন্ডেশনও মেলায় যোগ দেবে। মেলায় মোকারম হোসেনের আঁকা বাংলাদেশের ফুল নিয়ে চিত্র প্রদর্শনী হবে।

অন্যান্য বছরের মতো এবারও ২৫ মে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন বিভাগে চিত্রাঙ্কন, বাংলা লেখা, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা হবে। পরদিন মূল মঞ্চে রয়েছে দেড় ঘণ্টার নানা আয়োজন।

এ ছাড়া স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, নাটক, সংগীতানুষ্ঠান, লেখক-পাঠকের মেলবন্ধনের নানা আয়োজন থাকছে বইমেলায়। এই মেলায় দেশীয় বস্ত্র, বুটিক এবং শান্তিনিকেতনের সামগ্রীর স্টল থাকবে।

নিউইয়র্কে ১৯৯৭ সাল থেকে মুক্তধারা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে। এ বছরে মেলার ২২ বছর পূর্তি হচ্ছে। বিজ্ঞপ্তি।