নিউইয়র্কে 'বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে, কবিতায়, ছবিতে ও কথায় নিউইয়র্কের বাঙালিরা স্মরণ করলেন একাত্তরে নিহত শহীদ লেখক ও বুদ্ধিজীবীদের।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বাঙালি-অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় দিনটি স্মরণে ‘বিস্মৃতির সাথে স্মৃতির লড়াই’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। কনকনে শীত উপেক্ষা করে উল্লেখযোগ্যসংখ্যক বাঙালি ও কিছুসংখ্যক ভিন্ন ভাষাভাষীর নারী-পুরুষও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানটিতে মূল আকর্ষণ ছিল বুদ্ধিজীবীদের স্মরণে নিউইয়র্কে বসবাসরত বাঙালি শিল্পীদের আঁকা চিত্রকলার প্রদর্শনী। এর সঙ্গে যুক্ত হয় ঢাকা থেকে আনা শহীদ বুদ্ধিজীবীদের ছবি। বিশাল ক্যানভাসে প্রতিটি শিল্পকর্ম ও প্রতিমূর্তি সাজিয়ে রাখা হয় ডাইভার সিটি প্লাজার দুই পাশে। মাঝে গড়া হয় ১৯৪০ থেকে ১৯৭১—এ তিন দশকের ‘সময়-ফলক’। মোট সাতটি ভাগে বিভক্ত এই সময়-ফলকে তুলে ধরা হয় বাঙালির স্বাধীনতাসংগ্রামের ইতিহাস। প্রতিটি সময়-ফলকে শিল্পীরা স্মরণ করিয়ে দেন বাঙালির স্বাধীনতাসংগ্রামের গৌরবময় ইতিহাস। তাঁরা মনে করিয়ে দেন, বিস্মৃতির বিরুদ্ধে এ লড়াই চালিয়ে যেতে হবে তত দিন, যত দিন স্বাধীনতাযুদ্ধের চেতনা বাঙালির স্মৃতি, মেধা এবং বিবেকে স্থায়ী আসন না গ্রহণ করে।

এক যুগের বেশি সময় ধরে নিউইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রতিবছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। গতানুগতিক কর্মসূচি পালনের পরিবর্তে এই প্রথম শিল্পকর্ম এবং সমন্বিত অভিনয়ের মাধ্যমে দিবসটির উদ্‌যাপন করায় তা সবার কাছে প্রশংসিত হয়েছে।