নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আছেন ১৮০ জন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাত পৌনে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। খবর বাসসের।

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, রেলমন্ত্রী মুজিবুল হক, চিফ হুইপ এ এস এম ফিরোজ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, কূটনৈতিক কোরের প্রধান, পদস্থ সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী কাল সোমবার সকাল আটটার দিকে (নিউইয়র্ক সময়) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। নিউইয়র্ক যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দুবাইতে দুই ঘণ্টা যাত্রাবিরতি করবেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক-বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও আছেন সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পদস্থ কর্মকর্তা, সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনা আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠককালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাঁর যুক্তরাষ্ট্র সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।