নিউইয়র্কের ব্রঙ্কসে 'বাংলাদেশ' ম্যুরালের উদ্বোধন

নিউইয়র্কের অন্যতম উপশহর ব্রঙ্কস। এখানে বাঙালি অধ্যুষিত স্টারলিং অ্যাভিনিউ, অন্য নাম বাংলাদেশ বাজার ওয়ে। ২০০৮ সাল থেকে স্থানীয় বাঙালিদের দাবির প্রতি সম্মান জানিয়ে এই সড়কের ব্যবসায়িক প্রাণকেন্দ্রের এ নামকরণ করা হয়। গত রোববার সেই বাংলাদেশ বাজার সরণিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘বাংলাদেশ’ নামের একটি ম্যুরাল।
৩০X১০ ফুট দীর্ঘ ম্যুরালটির শিল্পী টিপু আলম। ইটের ওপর অ্যাক্রিলিকে আঁকা ম্যুরালটির এক দিকে রয়েছে ভাষাশহীদদের প্রতি নিবেদিত শহীদ মিনার, অন্যদিকে একাত্তরের শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধের অনুকৃতি। এভাবে বাঙালির দুই শ্রেষ্ঠ অর্জন এক ম্যুরালে আবদ্ধ করে নির্মিত হয়েছে নিউইয়র্কের বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ।
ব্রঙ্কসের অ্যাসেম্বলিম্যান লুই সেপুলভেদা ম্যুরালটি উদ্বোধন করে বাংলাদেশের ভাষাশহীদ ও একাত্তরের শহীদদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, এখন যত লোক এ রাস্তা দিয়ে যাবে, তারা এই শিল্পকর্মের দিকে তাকাবে এবং পরিচিত হবে বাংলাদেশ নামের একটি সংগ্রামী দেশ ও তার মানুষদের সঙ্গে। এই ম্যুরালের একটি অনুকৃতি নির্মাণ করে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনি শহরের মূল সরকারি ভবনে তা সংরক্ষণের ব্যবস্থা তিনি করবেন বলে জানান। তিনি আরও বলেন, নিউইয়র্ক নগরের মেয়র ও নগর পরিষদের সমর্থনে বাংলা বাজারের খুব কাছেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি স্মরণে একটি স্থায়ী স্মরণ স্তম্ভ নির্মাণের কাজ আগামী বছর শুরু হবে। এ ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়েই নিউইয়র্কের বাঙালিরা বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী উদ্যাপন শুরু করল।