গৃহকর্মীর করা মামলা কাঁধে নিয়ে অনেকটা গোপনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছাড়লেন বাংলাদেশের কূটনীতিক কনসাল জেনারেল মনিরুল ইসলাম। গত সোমবার দুপুরে মরক্কোয় পৌঁছানোর পর নিউইয়র্কে ই-মেইল করেন তিনি।
সোমবার ঢাকার নির্দেশে জাতিসংঘ বাংলাদেশ মিশনের কর্মকর্তা মুস্তাফিজুর রহমানকে নিউইয়র্ক অস্থায়ী কনসাল জেনারেলের অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে।
মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মধ্য এপ্রিলে যোগ দেওয়ার কথা ছিল মনিরুলের। তবে এর মধ্যেই দেশ থেকে নিয়ে আসা গৃহকর্মী মাসুদ পারভেজ তাঁর বাড়ি ছেড়ে চলে যান। মার্কিন আইনজীবীর সহযোগিতায় তিনি গত শুক্রবার মজুরি-বঞ্চনা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেন মনিরুল ও তাঁর স্ত্রী ফাহিমা তাহসিনের বিরুদ্ধে। সপ্তাহান্তের ছুটি থাকায় আদালত থেকে মনিরুলে কাছে কোনো নোটিশ যায়নি। নিউইয়র্কের সরকারি আইনজীবী এখন পর্যন্ত ফৌজদারি অভিযোগ না আনায় এই কূটনীতিকের নামে কোনো সমন বা পরোয়ানা জারি হয়নি।
মনিরুল ইসলাম গৃহকর্মী মাসুদ পারভেজের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো তিনি অভিযোগ করে বলেন, তাঁর সঙ্গে মরক্কোয় না যাওয়ার জন্য মামলা-নাটকের আশ্রয় নিয়েছেন মাসুদ।
যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন, গৃহকর্মী মাসুদ পারভেজের দায়ের করা মামলাটি দেওয়ানি ও ক্ষতিপূরণ ধরনের মামলা। এ ধরনের মামলায় দুই পক্ষের মধ্যে আপস করার অবকাশ রয়েছে। তবে মামলাটি ফৌজদারিতে মোড় নিলে নিউইয়র্ক ত্যাগ করলেও মনিরুল ইসলামকে অভিযোগ মোকাবিলার জন্য সশরীরে উপস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে।