নিউইয়র্ক টাইমসের ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দেওয়া দণ্ড প্রত্যাহারের দাবি জানিয়ে প্রকাশিত সম্পাদকীয়র বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ ছাড়া বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জনের বিষয়ে আদেশের জন্য ২৩ ফেব্রুয়ারি দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
৪৯ বিবৃতিদাতার বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশের দিন ধার্য ছিল। কিন্তু গতকাল ট্রাইব্যুনাল-২ আদেশের দিন ২৩ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করে বলেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে নিউইয়র্ক টাইমসকে তাদের সম্পাদকীয়র বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ওই জবাব পাঠাতে হবে।
গত বছরের ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস পত্রিকায় ‘মাজলিং স্পিচ ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সম্পাদকীয় ছাপা হয়। এতে আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে দেওয়া ট্রাইব্যুনালের সাজা প্রত্যাহারের দাবি জানানো হয়।