নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটনে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দুই দিন ওয়াশিংটনে অবস্থান করবেন। আগামী ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন এবং পরদিন ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। পূর্বের সময়সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ত্যাগ এবং ২৬ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছার কথা ছিল।
এদিকে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান নিউইয়র্কে প্রথম আলোর বিশেষ প্রতিনিধিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে তাঁর পুত্র যুক্তরাষ্ট্রে জন্মদিন পালনের অনুরোধ করেছেন।
সংবর্ধনা ৩০ সেপ্টেম্বর: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।