নিউইয়র্ক থেকে প্রকাশিত হচ্ছে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও কানাডাপ্রবাসীদের জন্য প্রকাশিত হতে চলেছে প্রথম আলোর উত্তর আমেরিকা সাপ্তাহিক সংস্করণ। আগামীকাল রোববার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে এর প্রথম সংখ্যা প্রকাশিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর চারটা) ইয়র্ক কলেজ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণ প্রকাশের বিষয়টি যুক্তরাষ্ট্র ও কানাডাপ্রবাসীদের মধ্যে সাড়া ফেলেছে। পত্রিকা, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে এ ব্যাপারে অনেকেই অবহিত হয়েছেন। প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ইতিমধ্যে পৌঁছে গেছেন নিউইয়র্কে। গত বৃহস্পতিবার তিনি নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের প্রথম সংখ্যাটি বেরোচ্ছে বৃহত্তর কলেবরে ৮০ পৃষ্ঠার, এর মধ্যে ৬৪ পৃষ্ঠা রঙিন। দাম ১ মার্কিন ডলার। প্রথম সংখ্যা রোববার প্রকাশিত হলেও এরপর থেকে প্রতি শুক্রবার প্রথম আলোর সাপ্তাহিক সংস্করণ হাতে পাবেন প্রবাসী পাঠকেরা। রোববারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেং, নিউইয়র্ক আইনসভার সদস্য ডেভিড উইপ্রিন ও লুইস সেফলভেডা, প্রথম আলোর পরিচলন সংস্থা মিডিয়াস্টার ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও অন্যরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সেলিম চৌধুরী ও ফুয়াদসহ অন্যরা। থাকবে আরও নানা আয়োজন।
নিউইয়র্কে মতবিনিময় স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে এক মতবিনিময়ে বিশিষ্টজনেরা প্রথম আলোর কাছে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, প্রবাসীদের প্রত্যাশা পূরণে প্রথম আলো সর্বশক্তি দিয়ে কাজ করবে। তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথম আলো সব সময় সক্রিয় ছিল। উত্তর আমেরিকার ক্ষেত্রেও তা-ই হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস। বক্তব্য দেন প্রথম আলো উত্তর আমেরিকা ও নর্দান লাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফুল সিদ্দিক, সাংবাদিক নিনি ওয়াহেদ, সাপ্তাহিক পরিচয়-এর সম্পাদক নাজমুল আহসান, প্রয়াত কবি শহীদ কাদরীর পত্নী নীরা কাদরী, ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের আহ্বায়ক ফাহিম রেজা নূর, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ, অ্যাকটিভিস্ট রানু ফেরদৌস, এ্যানি ফেরদৌস, কবি কাজী জহিরুল ইসলাম, শিল্পী খুরশিদ আলম, গীতিকার ইশতিয়াক রুপু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ কর, বিজ্ঞাপননির্মাতা গোলাম সারওয়ার, এটিএন বাংলার কানু দত্ত, এনটিভির পুলক মাহমুদ, লেখিকা সেলিনা আক্তার, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ইসতিহাক বাবর, আইনজীবী আফতাব আহমেদ, সাংবাদিক মনিজা রহমান, মুক্তধারার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক শাহেদ আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট ওবাইদুল্লাহ মামুন, গোপাল স্যানাল, সাংবাদিক জয়নাল আবেদিন, ফোকাস টেলিভিশনের আশরাফুল হাসান, প্রথম আলো উত্তর আমেরিকা টিমের ইব্রাহীম চৌধুরী, শাহাব সাগর, আনিসুর রহমান, নিম্মি নাহার প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে প্রথম আলোর কাছে প্রত্যাশা তুলে ধরেন। সেই সঙ্গে প্রথম আলোকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে তাঁরা মন্তব্য করেন।