নিউইয়র্কে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সংবর্ধনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের রাজপথে এ সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নিজাম চৌধুরী ও শফিকুল আলম বিবদমান এই দুই পক্ষ একই দিনে একই সময়ে মাহবুব উল আলম হানিফের সংবর্ধনার আয়োজন করে। এ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে হানিফ নিজেই ওই বৈঠক ডাকেন।বৈঠকের শুরুতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে দলের মহিলা সম্পাদিকা আইরীন পারভীন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের এক পক্ষের কঠোর সমালোচনা করেন। এ সময় উপস্থিত অপর পক্ষের (টিটো গ্রুপ) সমর্থকেরা আইরীন পারভীনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান ও হইহুল্লোড় শুরু করেন। টিটো পক্ষের সমর্থকেরা আইরীন পারভীনকে বিএনপির দালাল বলে গালাগাল করতে থাকেন। অচলাবস্থা ও উত্তেজনার এ পরিস্থিতিতে হানিফ সভাস্থল ত্যাগ করেন। ঐক্যবদ্ধ অনুষ্ঠান না হলে কোনো সংবর্ধনায় যাবেন না বলে দুই পক্ষকে জানিয়ে দেন তিনি। একপর্যায়ে সংবর্ধনা কমিটির নাম ঘোষণা শুরু করেন নিজাম চৌধুরী। এতে শফিকুল আলম পক্ষের আবদুর রহিম বাদশাসহ অন্যরা প্রতিবাদ জানান। এ সময় অপর পক্ষ নিজাম চৌধুরীকে যুদ্ধাপরাধী বলে আখ্যা দিলে এ নিয়ে দুই পক্ষে শুরু হয় হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ি। এ অবস্থায় ভীতসন্ত্রস্ত হয়ে অনেকই প্রাণভয়ে রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে আসেন। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাস্তায়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ এসে দুই পক্ষকে আলাদা করার পর পরিস্থিতি শান্ত হয়।ঘটনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই পক্ষ একে অন্যকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে।